বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কারা এগিয়ে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের প্রথম সেমিফাইনালে বুধবার মুখোখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দুই দলই টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার করে ফাইনাল খেলেছে। তবে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি। নিউজিল্যান্ড প্রথম ফাইনালে খেলেছিল ২০২১ সালে আর ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলেছিল।
দ্বিতীয়বারের মত ফাইনালে ওঠার সুযোগ হাতছানি দিচ্ছে দুদলকে। সেমিফাইনাল ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এরমধ্যে প্রোটিয়ারা ১২টিতে এবং কিউইরা ৭টিতে জিতেছে। তবে বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে কখনও হারাতে পারেনি নিউজিল্যান্ড। পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জিতেছে প্রোটিয়ারা।
এবারের বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে কানাডা, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেরা দল হিসেবে সুপার এইটে উঠে প্রোটিয়ারা। সুপার এইটে অপ্রতিরোধ্য ছিল গতবারের রানার্স-আপরা। সেখানে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নামছে দক্ষিণ আফ্রিকা। অর্থাত বিশ্বকাপে টানা সাত ম্যাচ অপজিত থেকেই সেমিফাইনালের মঞ্চে প্রোটিয়ারা। ফলে ফেভারিটের তকমা নিয়ে সেমিফাইনাল খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনাল নিয়ে দলটির কোচ শুক্রি কনরাড বলেন, ‘আমি খুশি, আমরা বিশ্বকাপের ফেভারিট। আমার সবসময়ই মনে হয়, দল হিসেবে ফেভারিট হয়েই খেলতে চায় দক্ষিণ আফ্রিকা। আন্ডারডগ হওয়া খুব সহজ।’ ফেভারিটের তকমা থাকলেও সেমিফাইনাল ম্যাচ হওয়ায় চাপ আছে বলে স্বীকার করেছেন কনরাড। তিনি বলেন, ‘ফেভারিট হিসেবে আমরা মাঠে নামলেও সেমিফাইনাল ম্যাচ হওয়ায় চাপ থাকবে। সেমিফাইনাল-ফাইনাল মানে চাপ। যেকোন টুর্নামেন্টে সেমিফাইনাল-ফাইনালের বাড়তি চাপ
অন্যদিকে এবারের আসরে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার এইটে উঠে নিউজিল্যান্ড। তবে সুপার এইটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় পায় নিউজিল্যান্ড। এরপর তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় সুপার এইট থেকে ছিটকে যাবার শঙ্কায় পড়ে তারা। কিন্তু ভাগ্যের সহায়তায় শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। পাকিস্তানের সাথে সমান ৩ পয়েন্ট হবার পরও রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিতে ওঠে কিউইরা।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা দল দক্ষিণ আফ্রিকা। খুব ভাল ক্রিকেট খেলছে তারা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সাথে আমরা খেলেছি। ৭ উইকেটে ঐ ম্যাচ হারি আমরা। এবার আমরা প্রতিশোধ নিতে চাই এবং জয় নিয়ে মাঠ ছাড়তে মুখিয়ে আছে সবাই।’তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা খুব ভাল ছন্দে থাকলেও আমরা বিশ্বাস করি, তাদের হারাতে পারব। ভাল খেলতে থাকা কোন দলের একটি বাজে দিন আসতেই পারে। তবে আমাদেরও ভাল ক্রিকেট খেলতে হবে ও প্রতিপক্ষকে সব বিভাগেই চাপে রাখতে হবে।’
