ক্রীড়া সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ডের ১১তম আসরে বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। ২০২৫ সালের কাজের মূল্যায়নে টেলিভিশন ইন্টারভিউ বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন বিডিস্পোর্টসটাইমের রিপোর্টার শুভ দেবনাথ সনি। এ বিভাগে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মেহেদী হাসান নাঈম ও মৌসুমী মৌ।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় টানা ১১তমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালে ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের আটটি বিভাগে পুরস্কৃত করা হয়।
এবারের আসরে জার্নালিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম। ২০২৩ সালের পর দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেয়েছেন তিনি। বিচারকদের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেয়ে তওফিক আজিজ খান ট্রফি ও এক লাখ টাকার চেক জিতেছেন রাহেনুর। এ বিভাগে রানার-আপ হয়েছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।
অন্যান্য বিভাগে এক্সক্লুসিভ রিপোর্টে সেরা হয়েছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এস এম ইকবাল কাউসার। ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে পুরস্কার জিতেছেন রাহেনুর ইসলাম। সিরিজ রিপোর্ট বিভাগে সেরা হয়েছেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের। ফিচার বিভাগে কালের কণ্ঠের শাহজাহান কবীর, ডকুমেন্টরি বিভাগে এখন টিভির এসকে শাওন এবং ফটোগ্রাফি বিভাগে প্রথম আলোর শামসুল হক টেংকু পুরস্কার পেয়েছেন।
ম্যাক্স-বিএসপিএ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোস্তফা কামাল ও সিনিয়র ক্রীড়ালেখক মেজর (অব.) শাহাবউদ্দিন চাকলাদারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিএসপিএ সভাপতি ক্রীড়া সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ‘বিএসপিএ একাডেমি’ নামে একটি প্রতিষ্ঠান চালুর পরিকল্পনার কথা জানান। পাশাপাশি সংগঠনের ওয়েলফেয়ার ফান্ডের জন্য সরকারি সহযোগিতাও কামনা করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বিএসপিএকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ক্রীড়া সেবক ফাউন্ডেশনের পক্ষ থেকেও ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। টেলিভিশন ইন্টারভিউ বিভাগে শুভ দেবনাথ সনির এই অর্জন ২০২৫ সালে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।




