আইসিসির সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নেবে ক্রীড়া মন্ত্রণালয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নেবে ক্রীড়া মন্ত্রণালয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নেবে ক্রীড়া মন্ত্রণালয়, ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিষয়ে কোনো পদক্ষেপ নিতে আইসিসির সঙ্গে আলোচনা করবে ক্রীড়া মন্ত্রণালয়। আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এমনটাই জানিয়েছেন। বিসিবি এক বিবৃতিতে জানায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পদক্ষেপ আইসিসি সরকারি হস্তক্ষেপ বিবেচনা করতে পারে। এরপরই আইসিসির সঙ্গে আলোচনার বিষয়টি জানালেন আমিনুল।

সর্বশেষ বিসিবি নির্বাচন নিয়ে শুরু থেকেই সকল পর্যায়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে দিন কয়েক আগে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন ক্লাব ও বিভাগীয় কাউন্সিলররা। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে এনএসসি। এখন আইসিসির সঙ্গে আলোচনার বিষয়টি সামনে আসছে।

সোমবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিসিবির নির্বাচন নিয়ে এসব বিতর্ক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে গণ্য করতে পারে এমন আশঙ্কা করছে। আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল তাই জানিয়েছেন, তারা যেটা করবেন আইসিসির সঙ্গে কথা বলেই করবেন। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই বিসিবিতে সরকারি হস্তক্ষেপ হয়েছে।

বিসিবি নির্বাচনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ বলে দাবি আমিনুলের, ছবি : সংগৃহীত

আজ আমিনুল এ বিষয়ে বলেছেন,‘বিগত সরকারের সময়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। এটি আপনারা সকলেই জানেন, এগুলো নতুন করে আসলে বলার কিছু নেই। সঠিক যেটি তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। যারা বিগত সময়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গেও তদন্ত কমিটি কথা বলবে। বর্তমান ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে। পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে।’

আইসিসির সঙ্গে আলোচনার বিষয়ে আমিনুল

কাউন্সিলর বিতর্কের বিষয়ে এই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন,‘আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি যে, যখন বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার অলরেডি কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন, পরবর্তীতে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছেন। এটি তো একদম দৃশ্যমান সত্য ঘটনা। আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব।’

সম্প্রতি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরা আমিনুলের সঙ্গে দেখা করেছেন। তাদের সঙ্গে আলোচনা নিয়ে আমিনুল বলেন,‘ইতোমধ্যেই আমাদের কোয়াব মিঠুনের নেতৃত্বে ক্রিকেটারদের একটি দল আমার কাছে এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। আশ্বস্ত করেছি যে ঈদের পরে কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশাআল্লাহ পদক্ষেপ নেব।’

Exit mobile version