নারী টি-২০ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে সংস্থাটি, যা আগের আসরের তুলনায় ১০ শতাংশ বেশি।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার বা ১০৮ কোটি বাংলাদেশি টাকা। ২০২৪ আসরে যেখানে মোট প্রাইজমানি ছিল ৭,৯৫৮,০৭৭ ডলার, সেখানে এবারের এই বৃদ্ধি নারী ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বিনিয়োগ বৃদ্ধিরই প্রতিফলন।
আকর্ষণীয় প্রাইজমানি – কোটি টাকার পুরস্কারে জমজমাট টুর্নামেন্ট
প্রাইজমানির কাঠামোও বেশ আকর্ষণীয়। চ্যাম্পিয়ন দল পাবে ২,৩৪০,০০০ ডলার (প্রায় ৩০ কোটি টাকা), আর রানার্স-আপ দল পাবে ১,১৭০,০০০ ডলার (প্রায় ১৫ কোটি টাকা)। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে করে ৬৭৫,০০০ ডলার (প্রায় ৯ কোটি টাকা)। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩১,১৫৪ ডলার করে (প্রায় ৪০ লাখ টাকা)। অংশগ্রহণকারী ১২টি দলই ন্যূনতম ২,৪৭,৫০০ ডলার (প্রায় সাড়ে ৩ কোটি টাকা) নিশ্চিতভাবে পাবে।
এবারের আসরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দলসংখ্যা বৃদ্ধি। ইতিহাসে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল, যা টুর্নামেন্টকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করা হচ্ছে।
আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এই প্রসঙ্গে বলেন,
নারী ক্রিকেটের বিকাশ দ্রুততর হচ্ছে। দলসংখ্যা বৃদ্ধি এবং রেকর্ড প্রাইজমানি আমাদের বৈশ্বিক ক্রিকেটকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলার অঙ্গীকারেরই প্রতিফলন।
তিনি আরও উল্লেখ করেন, নারী ক্রিকেটে বিনিয়োগ ও সুযোগ বৃদ্ধির ফলে ক্রীড়াঙ্গনে নারীদের প্রভাব ও উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আসন্ন এই বিশ্বকাপ দর্শকসংখ্যা ও সম্প্রচার উভয় ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়তে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ট্রফি ট্যুর শুরু – ইউরোপ ঘুরে পৌঁছাবে ইংল্যান্ডের বিভিন্ন শহরে
এদিকে, টুর্নামেন্ট উপলক্ষে আইসিসির ট্রফি ট্যুর ইতোমধ্যেই শুরু হয়েছে। লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ট্রফি প্রদর্শনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। এরপর ট্রফিটি ইউরোপের বিভিন্ন দেশ নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফর করবে এবং মে মাসজুড়ে ইংল্যান্ডের বিভিন্ন শহরে ঘুরে বেড়াবে।
লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম, ব্রিস্টল, সাউথ্যাম্পটন ও লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভক্তদের জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যা টুর্নামেন্টকে ঘিরে আগ্রহ আরও বাড়াবে।
আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















