এ বছর প্রথমবারের মতো নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসখানেক আগে এই আসরটি ৪ এপ্রিল শুরু করে ১৪ এপ্রিল পর্যন্ত আয়োজনের তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আবার এই আসরটির সময় বদলে গেছে। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী ১০ জুলাই মাঠে গড়াবে নারী বিপিএল। মূলত আন্তর্জাতিক ক্রিকেটের সূচি পর্যালোচনা করেই তিন মাস পেছানো হয়েছে এই আসর।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম নারী বিপিএলে অংশ নেবে মাত্র তিনটি দল। শুরুতে যখন এই টুর্নামেন্ট আয়োজনের তারিখ জানানো হয় তখন ম্যাচ আয়োজনের ভেন্যুও জানানো হয়। বিসিবি জানিয়েছিল দেশের দুটি ভেন্যু চট্টগ্রাম ও ঢাকায় আয়োজন করা হবে ডব্লিউবিপিএল।
কিন্তু শুরুর আগে আরও একবার বদলে গেছে নারী বিপিএল আসরের সূচি। তিন মাস পিছিয়ে আগামী জুলাইয়ে হবে প্রথম নারী বিপিএল। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। অর্থাৎ নতুন সিদ্ধান্ত মোতাবেক দেশের ৩টি ভেন্যুতে নারী বিপিএল অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এই খবরটি জানিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে আগামী ৪ এপ্রিল শুরু করে ১৪ এপ্রিল ফাইনাল ম্যাচের সূচি ঘোষণা করেছিল বোর্ড। দেশের নারী ক্রিকেটাররা এরপর বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কারণ, নারী বিপিএল তারা প্রত্যাশা করেছেন অনেক আগে থেকেই। তবে তাদের অপেক্ষার প্রহর যেন কাটছেই না।
বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজিতে আইকন হিসেবে রাখা হয়েছিল জাতীয় দলের তিন ক্রিকেটারকে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।
বিসিবি থেকে জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শের পর, দলগুলোর প্রস্তুতির সময় দেওয়া যেমন স্কোয়াড গঠন, বিদেশি ক্রিকেটার আনা ও পরিকল্পনা সাজাতে সুবিধার জন্য টুর্নামেন্টটি জুলাই মাসে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবর্তিত এই সূচি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গেও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এরপর নারী বিপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।
নতুন পরিকল্পনা অনুয়ায়ী, ডব্লিউবিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকাতেও ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২১ জুলাই ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় তালিকা ও স্পন্সরের বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে বলেও জানিয়েছে বিসিব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















