আগামীকাল মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর। উদ্বোধনী ম্যাচ হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। টিকিট ছাড়াই দর্শকদের জন্য এই ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
সাধারণত বিশ্বকাপ নিয়ে বাড়তি উন্মাদনা থাকে ক্রীড়াপ্রেমী মানুষের। তাই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকে উপচে পড়া ভিড়। এতে আয়োজক দেশের লাভ হয়ে থাকে টিকিট বিক্রিতে। কিন্তু এবার এসএলসি টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে অনন্য নজির স্থাপন করেছে।
বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। এই ম্যাচটি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের এই প্রথম ম্যাচটিই টিকিট ছাড়া দর্শকরা উপভোগ করতে পারবেন।
এসএসসি গ্রাউন্ডের ৫ এবং ৭ নম্বর গেট দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। যেহেতু প্রবেশ ফ্রি এবং আসন সংখ্যা সীমিত, তাই খেলা শুরুর আগেই মাঠে পৌঁছে যাওয়ার পরামর্শ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তাই দর্শকদের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকেই মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
আগামীকাল উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে ভারত।
উল্লেখ্য, এবার বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। আগামীকাল থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৮ মার্চ পর্যন্ত।
