ডাকাতদের গুলি – প্রাণ হারালেন ঘানার তরুণ ফুটবলার

ফুটবলারবাহী বাস ডাকাতদের কবলে পড়ে, আর সেই হামলায় প্রাণ হারিয়েছেন মাত্র ২০ বছর বয়সী তরুণ ফুটবলার ডমিনিক ফ্রিমপং। মর্মান্তিক এই ঘটনায় শোকের

ডমিনিক ফ্রিমপং

ঘানা প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির জন্য ভয়াবহ এক দুঃসংবাদ হয়ে এসেছে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলা। দলটির ফুটবলারবাহী বাস ডাকাতদের কবলে পড়ে, আর সেই হামলায় প্রাণ হারিয়েছেন মাত্র ২০ বছর বয়সী তরুণ ফুটবলার ডমিনিক ফ্রিমপং। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো ঘানার ফুটবল অঙ্গনে।

ঘটনাটি ঘটে গত রোববার, যখন দক্ষিণ ঘানার সামরবয়ে অনুষ্ঠিত ম্যাচ শেষে সামারটেক্স ক্লাবের বিপক্ষে খেলে ফেরার পথে ছিল বেরেকুম চেলসি দল। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই খেলোয়াড় ও কর্মকর্তারা বাসে করে নিজ গন্তব্যে ফিরছিলেন। কিন্তু পথিমধ্যে তাদের বাস হঠাৎই সশস্ত্র ডাকাতদের হামলার মুখে পড়ে।

ক্লাব সূত্রে জানা গেছে, বাসের চালক পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত পেছনের দিকে গাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে দেরি হয়ে যায়। মুখোশধারী হামলাকারীরা, যাদের হাতে ছিল বন্দুক ও অ্যাসল্ট রাইফেল, নির্বিচারে গুলি চালাতে শুরু করে। আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন খেলোয়াড় ও স্টাফরা। নিজেদের প্রাণ বাঁচাতে তারা দ্রুত বাস থেকে নেমে আশপাশের ঝোপঝাড়ে আশ্রয় নেন।

এই গোলাগুলির মধ্যেই গুরুতর আহত হন দলের তরুণ ফরোয়ার্ড ডমিনিক ফ্রিমপং। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ, সতীর্থ খেলোয়াড় এবং ভক্তরা।

এক বিবৃতিতে বেরেকুম চেলসি জানিয়েছে, এমন পরিস্থিতি তাদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। একই সঙ্গে নিহত খেলোয়াড়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ক্লাবটি।

অন্যদিকে, ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনও এই ঘটনাকে ‘মর্মান্তিক’ হিসেবে আখ্যা দিয়েছে। তারা জানিয়েছে, এটি শুধু একটি ক্লাবের ক্ষতি নয়, বরং পুরো ঘানার ফুটবলের জন্য এক বড় ধাক্কা। ফ্রিমপংকে তারা একজন সম্ভাবনাময় প্রতিভা হিসেবে উল্লেখ করে বলেন, তার নিষ্ঠা ও আবেগ ঘানার ফুটবলের চেতনার প্রতিফলন ছিল।

এই ঘটনার পর ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন ঘরোয়া লিগের দলগুলোর ভ্রমণ নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা।

Exit mobile version