ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে ভারত। শঙ্কার মধ্যে পড়লেও শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠেছে তারা। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নতুন দায়িত্বে নিয়োগ করেছে সাবেক পেসার জহির খানকে। অবশ্য তিনি ভারত জাতীয় দলের হয়ে কাজ করবেন না। তাকে তরুণ পেসারদের প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হয়েছে।
ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা পেসার জহির খান। তাকে ২০১৭ সালে ভারত জাতীয় দলের বোলিং কোচ হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সে সময় প্রধান কোচ রবি শাস্ত্রী তাকে পরবর্তীতে তার বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেন। আবার বিসিসিআই জহিরকে নতুন দায়িত্বে নিয়োগ করেছে।
একটা সময় দলের পেস বিভাগ নিয়ে যথেষ্ট ভুগেছে ভারতীয় ক্রিকেট দল। ব্যাটিংয়ে বিশ্বের অন্যতম সেরা দলটিতে কখনোই সেভাবে দীর্ঘ সময় বিশ্ব কাঁপানো পেস জুটি দেখা যায়নি। তবে গত ১০-১১ বছরে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছে ভারত।
এখন বিসিসিআই তাই পেস ম্যানেজমেন্ট নিয়ে বেশ তৎপর এবং উদ্যোগী। ভবিষ্যতে আর যেন কোনোভাবেই পেসার সঙ্কটে ভুগতে না হয় সেজন্য পাইপলাইন প্রস্তুত রাখতে কার্যকর পদক্ষেপ রয়েছে তাদের। এখন জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজ ছাড়াও আছেন মোহাম্মদ শামি, অর্শদীপ সিং এবং আরও অনেকে।
পাইপলাইনে পেসার তৈরিতে কাজ করবেন জহির
বুমরাহ-সিরাজদের উত্তরসূরি প্রস্তুত করতে পাইপলাইনে ভালো মানের পেসার রাখতে চায় বিসিসিআই। তাই তরুণ পেসারদের প্রশিক্ষণ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় বোর্ড। এ জন্য দেশটির সাবেক পেসার জহির খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) পরিচালনা করা হচ্ছে এই কার্যক্রম।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে উদীয়মান পেসারদের নিয়ে বিশেষ এই প্রশিক্ষণ শুরু করেছে বিসিসিআই। বোর্ডের এই উদ্যোগ অবশ্য নতুন নয়। সেন্টার অফ এক্সিলেন্সে এত দিন এই দায়িত্বে ছিলেন ট্রয় কুলি। গত ডিসেম্বরে তার সঙ্গে চার বছরের চুক্তি শেষ হয়েছে বিসিসিআইয়ের। তার চুক্তি শেষ হওয়ার পর থেকে সেন্টার অফ এক্সিলেন্সে প্রধান পেস বোলিং কোচ হিসাবে কেউ নেই।
সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান পেস বোলিং কোচ হিসেবে কাজ করতে গত ৯ ফেব্রুয়ারি আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র চায় বোর্ড। বিজ্ঞপ্তি দেখে ভিআরভি সিংহ, শ্রীনাথ অরবিন্দসহ আরও কয়েকজন আবেদন করলেও কাউকে এখন পর্যন্ত চূড়ান্ত করেনি বিসিসিআই। এই পরিস্থিতিতে জহিরকে অস্থায়ী ভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। সাবেক এই পেসার বোর্ডের অনুরোধে কাজ করতে রাজি হয়েছেন।
