অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট শুরুর মাত্র তিন দিন আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যানচেস্টারে আগামী ২৩ জুলাই শুরু হতে যাওয়া এই টেস্টের আগে একের পর এক ইনজুরির খবর শিবিরে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে উইকেটকিপার ঋষভ পান্তের ফিটনেস নিয়ে চিন্তা থাকলেও নতুন করে সমস্যা দেখা দিয়েছে পেস বোলিং বিভাগেও।
নতুন করে চোটে পড়েছেন আর্শদীপ সিং। এখনও টেস্ট অভিষেক না হওয়া বাঁহাতি এই পেসার নেট অনুশীলনের সময় সাই সুদর্শনের একটি স্ট্রেট ড্রাইভ থামাতে গিয়ে বাঁহাতে গুরুতর চোট পান। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আর্শদীপের হাতে সেলাই পড়েছে এবং চতুর্থ টেস্টে তার খেলা প্রায় অসম্ভব।

দলের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, ‘তার হাতে সেলাই লেগেছে। ফিজিওরা পর্যবেক্ষণ করছেন। ম্যানচেস্টারে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে, তবে পঞ্চম টেস্টে ফেরার আশা করা যায়।’
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট নিশ্চিত করেছেন, ‘আর্শদীপের আঙুল কেটে গেছে। ইনজুরি কতটা গুরুতর সেটা চূড়ান্ত রিপোর্ট আসলে বোঝা যাবে। সামনে কেমন পরিকল্পনা হবে, সেটা অনেকটাই নির্ভর করছে চোটের অবস্থা কতটা খারাপ তার ওপর।’
শুধু আর্শদীপ নন, ইনজুরির তালিকায় আছেন বার্মিংহাম টেস্টের নায়ক আকাশ দীপও। ওই ম্যাচে ১০ উইকেট নেওয়া এই পেসার লর্ডস টেস্টের সময় গ্রোয়েন ইনজুরিতে পড়েন। চতুর্থ দিনে তাকে মাঠ ছাড়তে হয় এবং তখন থেকেই চোট নিয়ে ভুগছেন আকাশ দীপ।ম্যানচেস্টার টেস্টের আগে আকাশ দীপকে অনুশীলনে বোলিং করতে দেখা যায়নি। মেডিকেল টিম তার পরিস্থিতি নজরদারিতে রেখেছে।
এদিকে, ঋষভ পান্তকেও নিয়ে দুশ্চিন্তা কম নয়। তৃতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় বাঁহাতের আঙুলে আঘাত পান তিনি। বুমরাহর বল থামাতে গিয়ে আঙুলে চোট পান পান্ত। সেই ম্যাচে কিপিং করতে না পারলেও ব্যাটিং করেছিলেন। চতুর্থ টেস্টেও উইকেটকিপিংয়ে তার থাকা অনিশ্চিত।
ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের রেকর্ডও আশাব্যঞ্জক নয়। এখানকার নয় ম্যাচে এখনো কোনো জয় পায়নি ভারত, চারটিতে হেরেছে, পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। লর্ডসে হারের পর সিরিজে সমতা ফেরাতে ভারতের জন্য এই ম্যাচ জিততেই হবে। কিন্তু একের পর এক ইনজুরির ধাক্কায় পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে শুভমান গিলদের জন্য। আসন্ন ম্যানচেস্টার টেস্ট ভারতের জন্য যে বড় এক চ্যালেঞ্জ হতে যাচ্ছে এবিষয়ে কোনো সন্দেহ নেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















