কয়েকবছর ধরেই ক্রিকেটকে ছাপিয়ে রাজনীতিবিদ হিসেবে আলোচনায় আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এমনকি মাঝে গুঞ্জন উঠেছিলো নাজমুল হাসান পাপনকে ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি হতে যাচ্ছেন জাতীয় দলের এই তারকা পেসার।
যদিও সময়ের সাথে সাথে সেই সম্ভাবনাটা হাওয়ায় মিলিয়ে গেছে। তবে মাশরাফি জাতীয় সংসদের সদস্যপদ ছাড়াও এখন পালন করছেন সংসদীয় হুইপের দায়িত্ব।
এর মাঝে আরো একটি রাজনৈতিক পদ যুক্ত হয়েছে মাশরাফির নামের পাশে। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন মাশরাফি। যদিও মাশরাফি গত বছরেই এই দায়িত্ব পেয়েছেন, এই কমিটি পূর্ণাংঙ্গতা পেয়েছে গতকাল।
১৫৭ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটিতে চেয়ারম্যান পদে আছেন বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সাধারন সম্পাদক মোজাফফর হোসেন পল্টু।
কো-চেয়ারম্যান হিসেবে আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সর্বাধিকবারের সাধারন সম্পাদক হারুনুর রশিদ।
মাশরাফি এই কমিটিতে আছে সদস্য সচিব হিসেবে। এই তিনজন ছাড়া বাকি ১৫৪ জন মনোনীত হয়েছেন কমিটির সদস্য হিসেবে। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।
সাকিব, মাশরাফি ছাড়াও এই কমিটিতে আছেন সাবেক বেশ কিছু তারকা ক্রীড়াবিদ। সেখানে তারকা ফুটবলারদের সংখ্যাটাই বেশি। তাঁরা হলেন- দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আব্দুল গাফফার, শেখ আসলাম, হাসানুজ্জামান খান বাবলু, খুরশিদ আলম বাবুল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং ইমতিয়াজ সুলতান জনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















