চলতি এশিয়া কাপে সবচেয়ে বড় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে এশিয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী! দুবাইয়ে ‘এ’গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান । রাজনৈতিক যুদ্ধের স্মৃতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে আগ্রহী দু’দলই।
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্য কিছু। পুরো ক্রিকেট বিশ্বই তাকিয়ে থাকবে এ ম্যাচের দিকে। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া উভয় দলই। দুই দলেরই নজর এ ম্যাচ জিতে সুপার ফোরে এক ধাপ এগিয়ে যাওয়া।
দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় মে মাসে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত- পাকিস্তান । চার দিন সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মতি হয় দু’দেশ।
সে ঘটনায় গত জুলাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামেনি ভারত। এশিয়া কাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় এ ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ক্রিকেট মাঠে ব্যাট-বল হাতে লড়তে নামবে ভারত ও পাকিস্তান।
নিজেদের ফোকাস মাঠের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় দু’দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারতের বোলিং কোচ মরণে মর্কেল বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার জন্য পুরো দল মুখিয়ে আছে। সম্প্রতি দারুণ ফর্মে আছে পাকিস্তান। তাদের একেবারেই হালকা ভাবে নিচ্ছি না। ভালো খেলা ও মাঠের ক্রিকেটেই সবার নজর।’
ভারত-পাকিস্তান উভয় দলই বড় ব্যবধানের জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। অন্যদিকে, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারায় ভারত।
ভারতের বিপক্ষে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন। তিনি বলেন, ‘আমরা ভালো করেই জানি, ম্যাচটির গুরুত্ব। এ ম্যাচে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং আমরা যেকোনো পরীক্ষা দিতে প্রস্তুত আছি।’
ভারতকে স্পিন আক্রমণ দিয়ে ঘায়েল করার ইঙ্গিত দিলেন হেসন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের দলের সৌন্দর্য হলো আমাদের পাঁচ জন স্পিনার আছে। মোহাম্মদ নওয়াজ এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এ পর্যন্ত ১৯বার দেখা মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ভারত জয় পেয়েছে ১০ ম্যাচে, পাকিস্তান ৬ ম্যাচে। ৩টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
শুধুমাত্র টি-টোয়েন্টিতে ১৩বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারত ৯বার ও পাকিস্তান ৩বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ বল আউটে জয় পায় ভারত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











