ব্রায়ান লারার ৪০০ রানের ঐতিহাসিক রেকর্ড হয়তো এবার ভাঙতে পারতেন উইয়েন মুল্ডার। তবে দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক যেন রেকর্ডের চেয়েও দলীয় স্বার্থকে বড় করে দেখলেন। দ্বিতীয় দিনের মাত্র চার সেশনেই ইনিংস ঘোষণা করে নিজেই থামালেন নিজের অবিশ্বাস্য ব্যাটিং যাত্রা।
বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনের লাঞ্চের ঠিক পরই ৫ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। মুল্ডার তখন অপরাজিত ৩৬৭ রানে। মাত্র ২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটার লারার ৪০০ রানের রেকর্ড ছোঁয়ার খুব কাছেই ছিলেন। দিনের শুরুতে ২৬৪ রান নিয়ে মাঠে নামেন মুল্ডার।
শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন তিনি, একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন। মাত্র ২৯৭ বলে পৌঁছে যান তিনশ রান স্পর্শে। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। তালিকার শীর্ষে আছেন ভারতের বীরেন্দর শেবাগ, যিনি ২০০৮ সালে ২৭৮ বলে করেছিলেন ট্রিপল সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকার হয়ে মুল্ডারই দ্বিতীয় ব্যাটার যিনি টেস্টে তিনশ পার করলেন। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে হাশিম আমলা করেছিলেন ৩১১ রান। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে মুল্ডার গড়লেন দেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন মাইলফলক।
তবে সবচেয়ে বড় অর্জন—প্রথম প্রোটিয়া অধিনায়ক হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করার গৌরব এখন মুল্ডারের। ২০০৩ সালে গ্রায়েম স্মিথ করেছিলেন ২৭৭, যা এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের সর্বোচ্চ স্কোর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















