সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দলে থাকছেন না কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত, আর রয়েছেন ইংল্যান্ডের হামজা চৌধুরি।
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, “সামিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরি রয়েছেন তালিকায়।”
সামিতের ক্লাব ক্যাভালরি এফসি ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে খেলবে। একই সময়ে বাংলাদেশ ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে মাঠে নামবে। ফিফা নিয়ম অনুযায়ী, জাতীয় দলের ম্যাচে খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাবগুলো। তবে বাফুফে এবার ক্লাবের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না।
হামজাকে নিয়েও সংশয় ছিল। তবে ম্যানেজার জানান, “কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।”
অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে হামজা-সামিত দুজনের উপস্থিতিই গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর উইন্ডোতে তাদের মাঠে পাওয়া গেলে দলের সমন্বয় আরও মজবুত হতো।
এদিকে জাতীয় দলের ক্যাম্পে এবার ভিন্ন চিত্র। প্রচলিত নিয়মে ক্যাম্প শুরুর আগে খেলোয়াড় তালিকা ঘোষণা না করে সরাসরি অনুশীলন শুরু করেছে বাফুফে। প্রথম দিনে মাত্র পাঁচ জন খেলোয়াড় যোগ দিয়েছেন, যার মধ্যে আবাহনী বা বসুন্ধরা কিংসের কেউ নেই। এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে আবাহনীর পাঁচ ও কিংসের দশ খেলোয়াড় পরে যোগ দেবেন।
অধিনায়ক জামাল ভূইয়াও প্রথম দিনে ক্যাম্পে আসেননি। ম্যানেজার জানান, “জামাল এক দিন সময় চেয়েছে। কোচ চেয়েছেন খেলোয়াড়রা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে, তাই ক্যাম্পে ডাকা হয়েছে।”
এ অবস্থায় পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু হতে আরও কয়েক দিন সময় লাগবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















