আগামী অক্টোবরের নির্ধারিত চীন সফর বাতিল করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল এই সফর। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে লিওনেল স্কালোনির দল মেক্সিকোর বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
যুক্তরাষ্ট্র সফরে আর্জেন্টিনার আরেকটি প্রীতি ম্যাচেরও পরিকল্পনা আছে। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছে ক্লারিন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, খেলোয়াড়দের শারীরিক অবস্থা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের অধিকাংশ খেলোয়াড় ইউরোপে খেলার কারণে এশিয়া সফর তাদের জন্য কষ্টদায়ক হতো। লাভজনক হওয়া সত্ত্বেও তাই বাতিল করা হয়েছে চীন সফর।
প্রীতি ম্যাচগুলোর আগে অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে মেসিরা। ৫ সেপ্টেম্বর এস্তাদিও মাস মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের এস্তাদিও মনুমেন্তাল ইসিদ্রো রোমেরো কার্বোতে স্বাগতিকদের মুখোমুখি হবে স্কালোনির দল। সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।
আর্জেন্টিনা ও মেক্সিকো সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ বিশ্বকাপে। কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। সেদিন গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















