চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ গুরুত্বপূর্ণ এক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। লিগ পর্বের ষষ্ঠ ম্যাচে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ। সেই লক্ষ্যেই আসরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করে টাইগ্রেসরা। তবে এরপর হারের বৃত্তে পড়ে যায় দলটি। পরের চার ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। বিশেষ করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় প্রায় হাতের নাগালে এসেও হারতে হয়েছে জ্যোতিদের।
৫ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে শেষ দুই ম্যাচে জয় পেতেই হবে টাইগ্রেসদের। পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হার প্রার্থনাও করতে হবে। বর্তমানে দুই দলই ৫ ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে এগিয়ে আছে।
তবে গতকাল ইংল্যান্ডের কাছে ভারতের হারে খানিকটা সুবিধা পেয়েছে বাংলাদেশ। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াই আরও জমে উঠবে নিগার সুলতানাদের জন্য। বিপরীতে হার মানেই কার্যত বিদায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে চাই। শেষ দুই ম্যাচ থেকে আমরা ইতিবাচক অনেক কিছু পেয়েছি।”
অন্যদিকে, চলতি বিশ্বকাপে এখনও জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। ৫ ম্যাচে ৩টিতে হেরে ও ২টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহও ২ পয়েন্ট। টেবিলের সপ্তম স্থানে থাকা লঙ্কানদেরও শেষ দুই ম্যাচ জিতলেই টিকে থাকবে সেমিফাইনালের আশা।
ওয়ানডেতে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















