বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারো ফিরছেন অভিজ্ঞ কিউরেটর টনি হেমিং। গেল বছর বনিবনা না হওয়ায় হঠাৎ করেই চাকরি ছাড়লেও এবার দুই বছরের চুক্তিতে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব নিতে আসছেন তিনি। দ্রুতই দেশে এসে কাজ শুরু করবেন এই অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ।
নতুন দায়িত্বে হেমিং শুধু মাঠের উইকেট ও আউটফিল্ডের মান উন্নয়নেই সীমাবদ্ধ থাকবেন না, দেশের সব কিউরেটরকে প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি ‘হেড অব টার্ফ’ নামে নতুন একটি পদেও কাজ করবেন। বিসিবি গত ছয় মাস ধরে তার সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং অবশেষে আবারো চুক্তি সম্পন্ন হলো।
তবে হেমিংয়ের ফেরাকে ঘিরে প্রশ্ন উঠেছে বর্তমান প্রধান কিউরেটর গামিনীর ভবিষ্যৎ নিয়ে। বিসিবির এক পরিচালক জানান, “গামিনীর চুক্তি বেড়েছে এক বছরের। সেক্ষেত্রে তাকে যদি সরিয়ে দিতে হয় তাহলে কমপক্ষে ২ মাস আগে নোটিশ দিতে হবে।” তিনি আরও বলেন, “নতুন প্রধান কিউরেটরের উপর নির্ভর করছে অনেক কিছু। হেমিং প্রধান কিউরেটরের দায়িত্ব নিয়ে আসছেন। সেক্ষেত্রে গামিনীর সঙ্গে তার রসায়ন কেমন হবে সেটাও একটা প্রশ্ন।”
২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যোগ দিয়েছিলেন হেমিং। তখনও তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছিল, তবে মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়েন তিনি। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটর হিসেবে যোগ দেন এবং সেখানেও দুই বছরের চুক্তিতে কাজ করেন।
বাংলাদেশে ফেরার আগে হেমিং আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর ছিলেন তিনি। এছাড়া ওমান ক্রিকেট একাডেমির জন্য আইসিসি পিচ কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন।
এখন দেখার বিষয়, বিসিবিতে দ্বিতীয় মেয়াদে হেমিং ও গামিনীর সমন্বয় কেমন হয়, আর গামিনীর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













