ইপিএলে দুই ইউনাইটেডের লড়াইয়ে ফের হারলো ম্যানচেস্টার

একটা সময় ইংলিশ প্রিমিয়ার লিগে একচ্ছত্র দাপট ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। সময়ের বিবর্তনে সেই দাপট আর নেই ম্যানইউয়ের। যখন তখন যে কোনো দলের কাছে হেরে বসে তারা। যেমনটা হেরেছে শনিবার রাতে। সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত খেলায় নিউক্যাসল ইউনাইটেডের কাছে  ০-১ গোলে হেরেছে দলটি। অ্যান্থনি গর্ডন করেন গোলটি।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে দারুণ এক লাফ দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে তারা পঞ্চম স্থানে উঠে এসেছে। ১৪ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট তাদের। ম্যানইউ নেমে এসেছে সপ্তম স্থানে। তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। সাবেক চ্যাম্পিয়ন দলটি অবস্থা আরো নাজুক হতে পারে। এ সপ্তাহে আরো এক ধাপ নিচে নেমে যেতে পারে। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ব্রাইটন অ্যান্ড হোভ।

সাম্প্রতিক সময়ে নিউক্যাসলের কাছে ম্যানইউয়ের হার নিয়মিত হয়ে পড়েছে। নিউক্যাসলের সামনে পড়লে ম্যানইউয়ের অসহায়ত্ব ফুটে ওঠে। সব ধরণের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ নিউক্যাসলের কাছে হারল ম্যানইউ। ১৯২২ সালের জানুয়ারির পর এমন অসহায়ত্ব ধরা পড়ল ম্যানইউয়ের।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলেন, প্রথমার্ধটা আমাদের জন্য কঠিন ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা বেশ ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিলাম। আমি আমার দলের সঙ্গে কথা বলবো। আমরা বেশ কিছু সুযোগ পেয়েছিলাম। আমরা একটা গোলও করেছিলাম। আমরা ভেবেছিলাম গোলটি বৈধ। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। যাহোক আমাদের গোল পাওয়া উচিত ছিল। কিন্তু আমরা পারিনি।

Exit mobile version