অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ২০২৫ আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
১১ দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার খেলছে বাংলাদেশ। গত আসরে গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করলেও ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হারায় শিরোপা হাতছাড়া হয়েছিল। সেই আক্ষেপ কাটিয়ে উঠতে এবার অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া দল নিয়ে নেমেছে বিসিবি। উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানের নেতৃত্বে গড়া স্কোয়াডের লক্ষ্য স্পষ্ট—শিরোপা জয়।
প্রথমে বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সমাধান মিলেছে। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ বাংলাদেশে সরাসরি দেখাবে টি-স্পোর্টস। পাশাপাশি অস্ট্রেলিয়ায় পুরো টুর্নামেন্ট সম্প্রচার করবে সেভেন প্লাস স্পোর্টস।
আন্তর্জাতিক সম্প্রচারের তালিকাও বেশ সমৃদ্ধ। ভারত ও বাংলাদেশে ফ্যানকোড, নেপালে কেটিভি ম্যাক্স, পাকিস্তানে এ স্পোর্টস ও এআরওয়াই জ্যাপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টেলিভিশন, শ্রীলঙ্কায় স্টিক্স স্পোর্টস, আফ্রিকার বিভিন্ন দেশে আনবিটেন ও প্রাইমমিডিয়া স্পোর্টস (নির্বাচিত ১৯টি ম্যাচ) এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচগুলো। সবমিলিয়ে ১০টি ভিন্ন চ্যানেল ও প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে এই আসর।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে কয়েকটি আন্তর্জাতিক ‘এ’ দল, স্থানীয় পেশাদার ক্লাব এবং অ্যাকাডেমি দল, যা প্রতিযোগিতাটিকে আরও জমজমাট করে তুলেছে। বাংলাদেশের জন্য এটি শুধু শিরোপা জয়ের সুযোগই নয়, তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা সঞ্চয়েরও একটি বড় মঞ্চ।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















