বিশ্বকাপ জয়ের পর গত বছর ব্যালন ডি অর জয় করেছিলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি অর ছিল এটি তার। সোমবার রাতে আবার সব আলো নিজের দিকে কেড়ে নিলেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। লন্ডনে জয় করলেন ফিফার সর্বোচ্চ পুরস্কার ফিফা দ্য বেস্ট।
লন্ডনের এই অনুষ্ঠানে মেসি স্বশরীরে হাজির হতে পারেননি। তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন থিয়েরি অঁরি।
ব্যালন ডি অর লড়াইয়ে যে আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এখানেও তার ব্যতিক্রম হয়নি। এই দুই তারকাকে পেছনে ফেলেই ফিফা দ্য বেস্ট হয়েছেন মেসি।
এমবাপে পিছিয়ে থাকলেও হালান্ড জোর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মেসিকে বড় একটা ধাক্কাও দিয়েছেন। কেননা ভোটাভুটিতে চোখে চোখ রেখে মেসির সঙ্গে লড়াই করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। উভয়ে ৪৮ পয়েন্ট পেয়েছেন। কিন্তু জাতীয় দলের অধিনায়কদের প্রথম পছন্দে এগিয়ে থাকায় মেসি হেসেছেন শেষ হাসি।

মেসি ব্যালন ডি অর পুরস্কার জয়ের লড়াইয়ে অনেক আগেই সবাইকে ছাড়িয়ে যান। এই আর্জেন্টাইনের ব্যালন ডি অরের সংখ্যা আটটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এ পুরস্কারটি পেয়েছেন পাঁচবার।
ফিফা দ্য বেস্টেও রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি। তিনবার এ পুরস্কার জয়ে মেসি এখন সবার উপরে। দুই পুরস্কার নিয়ে রোনালদো দ্বিতীয় স্থানে। এবারের আগে ২০১৯ ও ২০২২ সালে এ পুরস্কার জয় করেন মেসি।
গত আট বছর ধরে দেওয়া হচ্ছে এ পুরস্কারটি। একবার বাদে প্রতিবারই সেরা তিনে রয়েছেন আর্জেন্টিনার এ অধিনায়ক। তিনবার হয়েছেন প্রথম। সমসংখ্যকবার থেকেছেন দ্বিতীয় স্থানে। একবার ছিলেন তৃতীয় স্থানে।
ফিফা দ্য বেস্ট পুরস্কার মূলত লিগ মৌসুম (আগস্ট থেকে জুলাই) বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়। তবে বিশ্বকাপের কারণে এবার পারফরম্যান্সের সময় রা হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগষ্ট পর্যন্ত।
এক নজরে ফিফা ‘দ্য বেস্ট’ ২০২৩:
ফিফা ‘দ্য বেস্ট’ নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন)
ফিফা ‘দ্য বেস্ট’ পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
ফিফা ‘দ্য বেস্ট’ নারী গোলকিপার: মেরি আর্পস (ইংল্যান্ড)
ফিফা ‘দ্য বেস্ট’ পুরুষ গোলকিপার: এদেরসন (ব্রাজিল)
ফিফা ‘দ্য বেস্ট’ নারী কোচ: সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস)
ফিফা ‘দ্য বেস্ট’ পুরুষ কোচ: পেপ গার্দিওলা (স্পেন)
ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল)
ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: মার্তা (ব্রাজিল)
ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল জাতীয় ফুটবল দল
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: হুগো দানিয়েল ইনিগুয়েজ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















