চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ার ধারাবাহিকতা ধরে রেখেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। এবার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রতিযোগিতাটির ইতিহাসে ২০ বছর পূর্ণ হওয়ার আগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি।
মঙ্গলবার রাতে স্পটিফাই ক্যাম্প ন্যুতে লিগ পর্বের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ইতিহাসের পাতায় নাম লেখান ইয়ামাল। পরে রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল।
অ্যাস্টন ভিলার রক্ষণভাগের ভুলে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন ইয়ামাল। এই গোলের মধ্য দিয়ে ২০ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১৪-তে। এত দিন ১৩ গোল নিয়ে রেকর্ডটির মালিক ছিলেন ফরাসি তারকা এমবাপে।
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। অন্যদিকে, ২০ বছর বয়সের আগে ২৩ ম্যাচে ১৩ গোল করেছিলেন এমবাপ্পে। বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ফরোয়ার্ডের প্রতিযোগিতাটিতে মোট গোল ৭২টি।
এটাই অবশ্য ইয়ামালের প্রথম বয়সভিত্তিক রেকর্ড নয়। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে শুরুর একাদশে খেলা, একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা এবং সেমিফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করার কীর্তিও রয়েছে তাঁর দখলে। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে পাঁচ গোল এবং ১৯ বছর হওয়ার আগে ১১ গোলের রেকর্ডও গড়েছেন এই স্প্যানিশ উইঙ্গার।
আগামী বছরের ১৩ জুলাই ২০ বছরে পা দেবেন ইয়ামাল। ফলে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে রেকর্ডটিকে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।


