খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ

বগুড়া, ৯ সেপ্টেম্বর ২০২৬: খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার বিকেলে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে নতুন করে কাজ করছে। সরকারের লক্ষ্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। এরই মধ্যে ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।

বগুড়ায় ‘আরাফাত রহমান কোকো স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বগুড়ায় দ্রুত একটি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এ বিষয়ে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুতই এর বাস্তবায়ন করা হবে।

খেলার মাঠে দর্শকদের বসার জায়গার সংকটের বিষয়টি তুলে ধরে আমিনুল হক বলেন, মাঠের চারপাশে খুব দ্রুত গ্যালারি নির্মাণ করা হবে। ভবিষ্যতে সেই গ্যালারিতে বসেই দর্শকেরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারবেন।

এ সময় মাঠটির সঙ্গে নিজের পুরোনো স্মৃতিও তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের বেশ কিছুদিন আগে তিনি নিজে এই মাঠে এসে খেলেছেন। সেই মাঠে আবার ফাইনাল ম্যাচে উপস্থিত থাকতে পেরে তার ভালো লাগছে বলেও জানান তিনি।

দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে আমিনুল হক বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাদক ও নানা ধরনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার পরিসর আরও বাড়াতে হবে।

তিনি বলেন, সন্তানদের ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। এ কাজে দর্শকসহ দেশের সবার সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে একটি সমৃদ্ধ, মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বগুড়া সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles