ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ও সেন্ট লুসিয়া কিংসের ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। দুই দলেরই প্রাপ্তি একটি করে পয়েন্ট। আসরে অ্যান্টিগা ও বারবুডার হয়েই খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার এই ম্যাচেও ছিলেন একাদশে। প্রথম দুই ম্যাচে তিনি ব্যাটে-বলে ভালো করতে পারেননি। তার ছন্দে ফেরার অপেক্ষাও একটু দীর্ঘায়িত হলো এই ম্যাচ না হওয়ায়।
দিনের প্রথম ম্যাচে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রানের জোয়ার বয়ে যায়। কলিন মানরোর ৫৭ বলে ১২০ রানের ইনিংসে ২০ ওভারে ২৩১ রান তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স। রান তাড়ায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস যেতে পারে ২০ ওভারে ২১৯ রান পর্যন্ত।
দিনের অন্য ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় টস হয়। বৃষ্টিতে ম্যাচ নেমে এলো ১৯ ওভারে।
কিন্তু খেলা শুরুর আগেই আবার শুরু হলো বৃষ্টি। একসময় সেই বৃষ্টিও থামল। কিন্তু ভেজা মাঠ আর খেলা শুরু হতেই দিল না। হার দিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। এবার পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্টে তিন ম্যাচে তাদের পয়েন্ট তিন।
সাকিব প্রথম ম্যাচে করেন ১৬ বলে ১১, পরের ম্যাচে ১৩ বলে ১৩। দুই ম্যাচেই এক ওভার করে বোলিংয়ে কোনো উইকেট তিনি পাননি। এই সংস্করণে ৫০০ উইকেট ছুঁতে তার প্রয়োজন আর দুই উইকেট। সাকিবদের পরের ম্যাচ এই মাঠেই বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















