ফখরের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন পাক অধিনায়ক

ফখরের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন পাক অধিনায়ক

এশিয়া কাপ সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ভারতের সঙ্গে হার পাকিস্তানের। তবে ম্যাচের শুরুতেই বিতর্ক তৈরি হয় ফখর জামানের আউট নিয়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষে মুখ খুলেছেন সে বিষয়টা নিয়ে। আম্পায়ারের সিদ্ধান্তটা নিয়েও কথা বলেছেন তিনি।

তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার ডেলিভারি ফখরের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বল সরাসরি উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে যায় কি না, তা নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়। টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে রিপ্লে দেখার পর ফখরকে আউট ঘোষণা করেন। তিনি তখন ১৫ রানে খেলছিলেন।

সে ডিসমিসাল আউট ছিল কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান আগাকেও প্রশ্ন করা হয় সে বিষয়ে। এ বিষয়ে পাক অধিনায়ক বলেন,‘আমি আসলে সিদ্ধান্তটা নিয়ে নিশ্চিত না। আমার কাছে মনে হয়েছে বলটা বাউন্স করেছে। আম্পায়ার ভুল করতেই পারে, সেটা স্বাভাবিক। আমার চোখে মনে হয়েছে বলটা কিপারের সামনে বাউন্স করেছে, তবে আমি ভুলও হতে পারি।’

এছাড়া তিনি বলেন,‘ফখর যেভাবে ব্যাট করছিল, যদি সে পাওয়ারপ্লে পার করতে পারত তাহলে হয়তো ১৯০ রান পর্যন্ত তুলতে পারত। কিছু মিস, কিছু বাই হয়েছে। আমার মনে হয়েছে বলটা কিপারের সামনে লেগেছিল, তবে আবারও বলছি আমি ভুল হতে পারি।’

Exit mobile version