আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। হাইভোল্টেজ ম্যাচটি শুরু দুপুর ৩টায়। আসরে টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই এক বছরের কম সময়ে টানা দু’টি আইসিসি শিরোপা জিতবে রোহিত শর্মার দল।
শিরোপার লড়াইয়ের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইবেন না কোচ গৌতম গম্ভীর। একাদশে পরিবর্তনের সম্ভাবনাও কম। অন্যদিকে, ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ফের শিরোপা জয়ের সুযোগ এসছে নিউজিল্যান্ডের সামনে। অবশ্য এর মাঝে কয়েকবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপার স্বপ্ন পুরণ হয়নি।
এবার ভারতকে হারিয়ে শিরোপাখরা ঘুচাতে মরিয়া মিচেল স্যান্টনাররা। তবে নিউজিল্যান্ড শিবিরে কিছুটা হলেও উদ্বেগ রয়েছে ম্যাট হেনরিকে নিয়ে। আসরে সর্বোচ্চ উইকেটশিকারি কিউই এই পেসার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশে কারা থাকতে পারে।
ফাইনালে ভারতের ইনিংস শুরু করবেন রোহিত এবং শুভমান গিল। তিনে বিরাট কোহলি নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ফর্মে রয়েছেন তিনি। এরপর দেখা যেতে পারে শ্রেয়াস আইয়ারকে। ভারতের ব্যাটিং অর্ডারের সাত ও আট নম্বরে থাকবেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। মোহাম্মদ শামি, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীকে দেখা যাবে। বরুণকে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়। শেষ দু’টি ম্যাচে ভালো পারফর্ম করেছেন। দুবাইয়ের স্পিন সহায়ক পিচে চার স্পিনার নিয়েই খেলবে ভারত।
অন্যদিকে ফাইনালে, নিউজিল্যান্ডের প্রথম একাদশে একটি পরিবর্তন হতে পারে। হেনরি শেষ পর্যন্ত খেলতে না পারলে প্রথম একাদশে আসতে পারেন মার্ক চাপম্যান। দুবাইয়ের পিচে তাঁর স্পিন কার্যকর হতে পারে। উইল ও’রোর্কের পরিবর্তেও তাকে বিবেচনা করা হতে পারে। এ ছাড়া বাকি জায়গাগুলোতে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
আইসিসি টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন রাচিন রবীন্দ্র। গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর সেমিফাইনালেও শতক হাঁকিয়েছেন। সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনও চোট কাটিয়ে ফর্মে ফিরেছেন। সর্বশেষ ম্যাচে পেয়েছিলেন শতরান।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি ও কাইল জেমিসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















