বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসেবে ধরা হয় মাশরাফি বিন মোর্ত্তজাকে। তার নেতৃত্বে দল পেয়েছে বহু স্মরণীয় সাফল্য। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের উন্নতির পেছনে তার অবদান অনস্বীকার্য। কিন্তু ক্রিকেট ক্যারিয়ারের মাঝপথেই তিনি রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আড়ালেই আছেন মাশরাফি। জনসম্মুখে তাকে দেখা যায় না বলেলেই চলে।
এক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতি পদে মাশরাফিকে আনার বিষয়ে আলোচনা হয়েছিল। অনেকেই মনে করতেন, মাঠের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে বোর্ড পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। সেখানেই মাশরাফি প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
ফারুক আহমেদ স্পষ্টভাবে জানান, মাশরাফির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিশেষ করে কোনো আইনগত জটিলতা রয়েছে কিনা, সেটিও তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে অধিনায়ক হিসেবে মাশরাফির অবদান নিয়ে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়। তার ভাষায়,
মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে এমন কিছু অর্জন করেছেন, যা তাকে অধিনায়ক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। ব্যক্তিগত মতামত যাই থাকুক না কেন, তার নেতৃত্বগুণের স্বীকৃতি অস্বীকার করার সুযোগ নেই।
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অবদান নিয়ে কথা বলতে গিয়ে ফারুক আহমেদ বলেন,
এই অবদান ইতিহাসে লেখা থাকবে। তার সময়েই দল একটি শক্তিশালী ইউনিটে পরিণত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে পৌঁছায়। খেলোয়াড়দের মধ্যে সমন্বয় তৈরি, দলকে এক সুতোয় গাঁথা এবং কঠিন পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মাশরাফির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফারুক আরও যোগ করেন,
যদি মাশরাফির ব্যক্তিগত বা অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে ভবিষ্যতে বোর্ডে তার অন্তর্ভুক্তির সুযোগ থাকতে পারে।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার নয় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ নিয়েও কথা বলেন ফারুক আহমেদ। তিনি জানান, এই ম্যাচের ফলাফলের সঙ্গে খেলোয়াড়দের কোনো প্রমোশন বা ডিমোশনের সম্পর্ক নেই। বরং এটি ছিল এক ধরনের মিলনমেলা, যেখানে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হওয়ায় তিনি নিজেও বেশ আনন্দিত বলে জানান।
ম্যাচের পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন মোহাম্মদ আশরাফুল ওপেনিংয়ে ভালো ব্যাটিং করেছেন। অন্যদিকে, বল হাতে ইলিয়াস সানি পাঁচ উইকেট তুলে নিয়েছেন। সব মিলিয়ে ম্যাচটি একপেশে হয়ে গেলেও এটি খেলোয়াড়দের জন্য একটি উপভোগ্য অভিজ্ঞতা ছিল বলে মনে করেন ফারুক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















