অবশেষে স্বরুপে ফিরছেন সাকিব আল হাসান। টানা কয়েক ম্যাচে ব্যর্থতার পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে জ্বলে উঠলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে রোববার রাতে ৫টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাকিব। সুইপ, রিভার্স সুইপ, স্লগ- দারুণ সব শটে গড়া তার এই ইনিংসটি। আগের ম্যাচগুলোতে ব্যাটিংটা কোনোভাবেই ঠিকঠাক হচ্ছিল না সাকিবের। ছন্দ খুঁজে পাচ্ছিলেন না একদমই। ৬ ইনিংসে ব্যাটিং করে একটিতে ২৫ ছাড়া আর কোনোটিতে ১৩ রানের বেশি করতে পারেননি।
সেন্ট লুসিয়ায় ৩৮ বছর বয়সী তারকা যখন চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সপ্তম ওভারে। প্রথম ১১ বলে ১৩ রানের পর রোস্টন চেইসকে টানা দুটি ছক্কা মারেন সাকিব। দ্বাদশ ওভারে তিনি ঝড় বইয়ে দেন ডেভিড ভিসার ওপর দিয়ে। নামিবিয়ার পেসারের টানা পাঁচ বলে মারেন তিনটি চার ও দুটি ছক্কা। ফিফটি পূর্ণ করেন স্রেফ ২০ বলে।
সিপিএলে এটি সাকিবের তৃতীয় ফিফটি, আর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৪তম। সাকিব ও আমির জাঙ্গুর (৪৩ বলে ৫৬) ফিফটি এবং ফাবিয়ান অ্যালেনের ১৭ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংসে ২০৪ রানের পুঁজি গড়ে অ্যান্টিগা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















