বিসিবি ও ক্রিকেট সাংবাদিকতা নিয়ে ক্ষোভ ঝাড়লেন আসিফ আকবর । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব, কিছু ক্রিকেট সাংবাদিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক ও ক্রিকেটসংশ্লিষ্ট কণ্ঠস্বর হিসেবে পরিচিত আসিফ আকবর। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিসিবির প্রশাসনিক পরিবেশ, সাংবাদিকতার নৈতিকতা এবং বোর্ডের চারপাশে গড়ে ওঠা একটি প্রভাববলয়ের সমালোচনা করেন।
পোস্টে আসিফ আকবর লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকেই তিনি বৈধ নেতৃত্ব মনে করেন। তাঁর অভিযোগ, বর্তমানে বোর্ডে থাকা কিছু ব্যক্তি সরকারের ক্রিকেট-সংশ্লিষ্ট সুবিধা ও উচ্চাকাঙ্ক্ষাকে ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন। তিনি আরও দাবি করেন, দেশের ক্রিকেট উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থ এবং সুযোগসন্ধানী মনোভাব বেশি প্রাধান্য পাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কিছু ব্যক্তিকে লক্ষ্য করে আসিফ লেখেন, তারা বিসিবির দরজার সামনে নিয়মিত ভিড় করেন, খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয় নিয়ে তাৎক্ষণিক খবর প্রকাশ করেন এবং ভুয়া বা অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে দেন। তাঁর ভাষায়, এ কারণে মূলধারার সংবাদমাধ্যমও চাপে পড়ছে। তিনি অভিযোগ করেন, ক্রিকেটারের পারফরম্যান্স, প্রস্তুতি বা মাঠের খবরের বদলে খেলোয়াড়দের ব্যক্তিগত ছোটখাটো বিষয় নিয়ে অতিরঞ্জিত প্রতিবেদন করা হচ্ছে।
পোস্টে আরও বলা হয়, কিছু ব্যক্তি বোর্ডের ভেতরে ঢুকে স্বার্থরক্ষার সুযোগ খুঁজছেন এবং এতে ক্রিকেটের প্রকৃত উন্নয়নের বদলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি সংশ্লিষ্ট মিডিয়া মালিকদের উদ্দেশে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, ক্রিকেটকে ঘিরে চলমান এই ধারা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর।
আসিফ আকবরের এ মন্তব্যে ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর পোস্টে কিছু ব্যক্তিকে ঘিরে কঠোর ভাষা ব্যবহৃত হলেও মূল বার্তাটি ছিল, ক্রিকেট উন্নয়নের নামে স্বার্থপরতা, অপপ্রচার এবং অযাচিত প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











