স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে ইংল্যান্ডে ফিরলেন হামজা

ফিফা উইন্ডোতে ক্লাবের কাছ থেকে ছুটি নিয়ে গত ৯ নভেম্বর ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন হামজা চৌধুরী। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন নিয়েই বাংলাদেশে এসেছিলেন এই মিডফিল্ডার। পরিকল্পনা অনুযায়ী, ১৯ নভেম্বর ইংল্যান্ডে ফেরার কথা ছিল তার। তবে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ছাড়তে হলো তাকে। আজ ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন হামজা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ করেছে বাংলাদেশ। জাতীয় দলের পরবর্তী খেলা আগামী মার্চের ফিফা উইন্ডোতে। এর আগে আগামী ১৫ ডিসেম্বর এশিয়ান অঞ্চলে ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এশিয়ান র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। শীর্ষ ২৬ দলের বাইরে থাকায় প্রাথমিক প্লে-অফে অংশ নিতে হবে তাদের। আগামী মার্চে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এই প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে জয় পেলে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ফলে মার্চের ফিফা উইন্ডোতে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে হামজাকে।

এর আগে গত বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক প্লে-অফে মালদ্বীপকে হারিয়ে পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবারও একই লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে জামাল ভূঁইয়াদের।

এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্ব আগামী বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। এর আগে জুনের ফিফা উইন্ডোতে সাফ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা। তবে টুর্নামেন্টের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের দিকে।

এদিকে হামজা আগেভাগে ইংল্যান্ডে ফিরে গেলেও কয়েক দিন পর দেশ ছাড়বেন সামিত সোম। পরিবারের সঙ্গে সময় কাটাতে শ্রীমঙ্গলে অবস্থান করবেন তিনি। অন্যদিকে জায়ান, ফাহমিদুলরাও শিগগিরই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন। তপু ও মোরসালিনও ক্লাবের হয়ে খেলতে ফিরে যাচ্ছেন। আর উন্নত চিকিৎসার জন্য ভারতের যাওয়ার সম্ভাবনা রয়েছে সাদ উদ্দিনের।

spot_imgspot_img
spot_img

Related Articles