এই হার ভীষণ হৃদয়বিদারক – হামজা

২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর এবার দৃশ্যপট বদলে গেল। ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে এমন পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তবে এই হারের জন্য কোনো একজনকে দায়ী করতে নারাজ তিনি।

ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে নিজের হতাশার কথা জানান হামজা। সমর্থকদের পাশাপাশি পুরো দেশের মানুষের জন্য এই পরাজয় যে কতটা কষ্টের, সেটিও উঠে আসে তার কথায়।

হামজা বলেন,

এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলব!

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের গোল হজমের ঘটনায় সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তার থ্রো থেকে পাওয়া বল কাজে লাগিয়ে পাকিস্তানের হয়ে জয়সূচক গোলটি করেন আব্দুল সামাদ। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমর্থকদের আলোচনায় গোলটির দায় অনেকেই শ্রাবণের ওপর চাপাচ্ছেন। তবে সতীর্থের পাশে দাঁড়িয়ে ভিন্ন বার্তা দিয়েছেন হামজা।

তার মতে, ফুটবল দলীয় খেলা, তাই একটি পরাজয়ের জন্য কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে দায়ী করা ঠিক নয়। এ প্রসঙ্গে হামজা বলেন, ‘এভাবে কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না।

ম্যাচের বিরতির পর পাকিস্তান তাদের কৌশলে পরিবর্তন এনেছিল বলেও মনে করেন বাংলাদেশের এই মিডফিল্ডার। তবে সেই পরিবর্তনের পরও প্রতিপক্ষ খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি বলে জানান তিনি।

হামজার ভাষায়, বিরতির পর প্রতিপক্ষ নিজেদের খেলার পরিকল্পনায় পরিবর্তন এনেছিল। এরপরও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পাকিস্তান। তবে একমাত্র সুযোগ থেকেই গোল আদায় করে নেয় তারা।

অন্যদিকে ম্যাচে গোল করার বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশও। প্রথমার্ধে একটি শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধেও সুকি ইতোফুসা ও ফারহান আলীরা পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত সুযোগ হাতছাড়া করার মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে।

ফুটবলে এমন ঘটনা স্বাভাবিক উল্লেখ করে হামজা বলেন, ‘হাফটাইমে তারা নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করেছে। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করতে পেরেছে এবং সেখান থেকেই গোল করেছে। এটাই তো ফুটবল, তাই না?

spot_imgspot_img
spot_img

Related Articles