এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানের পাশাপাশি জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানসহ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজন ক্রিকেটার।
আগামী ১৯ নভেম্বর কাতারে পর্দা উঠবে এশিয়া কাপ রাইজিং স্টারসের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই হংকং জাতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দল।
সূচি অনুযায়ী, ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচগুলো।
বাংলাদেশ ‘এ’ দলের ১৫ সদস্যের স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।




