রোনালদোর ৭ নম্বর জার্সি পেলেন পর্তুগালের যে তারকা

ক্রিস্তিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন এনেছে দেশটির ফুটবল ফেডারেশন। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচেই প্রথমবার দেখা গেছে নতুন নকশার জার্সি। রোনালদোর বিদায়ের পর পর্তুগালের হয়ে ৭ নম্বর জার্সি পরেছেন কার্লোস ফোর্বস।

নতুন ডিজাইনের ৭ সংখ্যাটির ভেতরে যুক্ত করা হয়েছে ছোট একটি আড়াআড়ি দাগ। এই ছোট্ট পরিবর্তনের পেছনে রয়েছে বিশেষ তাৎপর্য। এর মাধ্যমে রোনালদোর সময়ে ব্যবহৃত ৭ নম্বর জার্সির ডিজাইনকে চিরদিনের জন্য আলাদা করে রাখা হবে। ভবিষ্যতে পর্তুগালের অন্য কোনো খেলোয়াড় ৭ নম্বর জার্সি পরলেও সেটির ডিজাইন হবে ভিন্ন।

শনিবার রাতে রোনালদোর প্রতি সম্মান জানাতে ম্যাচের আগে পর্তুগালের সব খেলোয়াড় ও তাদের সঙ্গে মাঠে প্রবেশ করা শিশুরা তার নাম ও ৭ নম্বর লেখা জার্সি পরেছিলেন। গ্যালারিতেও ছিল সাবেক অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানানো নানা আয়োজন।

ম্যাচের ৭ম মিনিটে স্টেডিয়ামের বড় পর্দায় ‘ধন্যবাদ, অধিনায়ক’ বার্তা ভেসে ওঠে। এ সময় উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে সাবেক অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানান।

রোনালদোর ৭ নম্বর জার্সিতে বিশেষ পরিবর্তন

পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, দীর্ঘদিন রোনালদোর গায়ে থাকা ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশায় ৭ সংখ্যাটিও হবে আলাদা। জার্সির সংখ্যাটিতে ছোট একটি ক্রস চিহ্ন রাখা হয়েছে, যা রোনালদোর অধ্যায়ের সমাপ্তির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ‘এটি এমন একটি বিশেষ সংখ্যার তাৎপর্য চিরস্মরণীয় করে রাখার এবং এর সঙ্গে জড়িয়ে থাকা উত্তরাধিকারকে সম্মান জানানোর আরেকটি উদ্যোগ। কারণ, এমন কিছু গল্প, স্মৃতি, অর্জন ও আবেগ রয়েছে, যা চিরকাল ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে জড়িয়ে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন থেকে জার্সিতে ৭ সংখ্যাটি ভিন্নভাবে দেখা যাবে। তবে এর মর্ম ও গর্ব একই থাকবে। আগের নকশাটি এমন এক ইতিহাসের স্মারক হিসেবে সংরক্ষিত থাকবে, যা কখনো ভোলার নয়।

ফিফার নিয়মের কারণে কোনো জাতীয় দলের জার্সি নম্বর স্থায়ীভাবে তুলে রাখা যায় না। তাই রোনালদোর ৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর সুযোগ নেই পর্তুগালের। নতুন নকশার মাধ্যমে সেই সংখ্যার সঙ্গে রোনালদোর দীর্ঘ অধ্যায়কে আলাদা করে স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছে ফেডারেশন।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান রোনালদো। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে রেখেছেন তিনি। তার বিদায়ের পর ডেনমার্কের বিপক্ষে আগের ম্যাচে ৭ নম্বর জার্সি পরেছিলেন রাফায়েল লেয়াও। তবে এই জার্সির স্থায়ী উত্তরসূরি এখনো ঘোষণা করেনি পর্তুগাল।

রোনালদোর বিদায়ের পরের ম্যাচটা অবশ্য রাঙাতে পারেনি পর্তুগাল। শনিবার রাতে ব্রাগায় ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে তারা। প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে এটিই পর্তুগালের সবচেয়ে বড় ব্যবধানে হার। ১০৫ বছরের ফুটবল ইতিহাসে ঘরের মাঠে প্রতিযোগিতামুলক ম্যাচে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি তারা।

spot_imgspot_img
spot_img

Related Articles