অ্যাডিলেডে সেঞ্চুরিতে ব্যান্টনের নতুন রেকর্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জবাব দিয়েছেন টম ব্যান্টন। অ্যাডিলেড ওভালে ৮৬ বলে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন এই ওপেনার। তাঁর এই ইনিংসে গড়েছে নতুন রেকর্ডও। অ্যাডিলেডে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করা প্রথম ওপেনার এখন ব্যান্টন।
বেন ডাকেট দ্রুত ফিরে যাওয়ার পর জো রুটকে নিয়ে দলের হাল ধরেন ব্যান্টন। দুজন মিলে গড়েন ১৩৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। এই জুটিতে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন ব্যান্টন। অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।
অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের ওপেনারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংসও এখন ব্যান্টনের। ১০৫ রানে অপরাজিত থেকে তিনি পেছনে ফেলেছেন নিক নাইটকে। এই মাঠে ইংলিশ ওপেনারদের সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে নাইটের ৮৮ রান। এরপর রয়েছেন ম্যাট প্রিয়র (৬৭), ইয়ান বোথাম (৬৫) ও চার্লস অ্যাথি (৬৪) ।
অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করা ওপেনারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন ব্যান্টন। ২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেসন রয়ের ১৮০ রানের পর এই প্রথম কোনো ইংলিশ ওপেনার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে শতক পেলেন। এ ছাড়া ২০২২ সালে অ্যাডিলেডে ডেভিড মালানের ১৩৪ রানের পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের ওপেনিংয়ে নিজের জায়গা শক্ত করার সুযোগ পেয়েছেন ব্যান্টন। জ্যাকব বেথেলের চোট এবং জস বাটলারের অনুপস্থিতিতে তাঁকে ওপেনিংয়ে খেলানোর সিদ্ধান্ত নেয় দল। সাধারণত মিডল অর্ডারে ব্যাট করা এই ক্রিকেটার সুযোগটি কাজে লাগাচ্ছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন ব্যান্টন। সেই সিরিজে ইংল্যান্ডের জয়ের পথেও অবদান রাখেন তিনি। পরে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে ৪৬.২৫ গড়ে করেন ১৮৫ রান।
বিশ্বকাপের আগে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইংল্যান্ডের প্রথম পছন্দের ওপেনার হিসেবে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আরও বাড়বে ব্যান্টনের। অ্যাডিলেডের সেঞ্চুরি সেই লক্ষ্য পূরণের পথে তাঁর বড় এক পদক্ষেপ।




