আগামী ২০৩১ সাল পর্যন্ত ৯ দল নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) দলের সংখ্যা বাড়ানোর আলোচনা দীর্ঘদিনের। টেস্ট ক্রিকেটের পরিধি বাড়াতে ১২টি পূর্ণ সদস্য দেশকে একই প্রতিযোগিতার আওতায় আনার প্রস্তাবও উঠেছিল। তবে আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়ন করছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী দুটি চক্রেও নয়টি দল নিয়েই ডব্লিউটিসি আয়োজনের সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে সংস্থাটি।

এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রোববার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায়। দীর্ঘদিন ধরে চলা বিতর্কের নিষ্পত্তি হতে পারে এই সভাতেই। তবে ২০২৭-২৯ এবং ২০২৯-৩১ চক্রে বর্তমান কাঠামো বহাল রাখার বিষয়ে আইসিসির সুপারিশই অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেশি।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের শেষ পর্যায় চলছে। প্রতিযোগিতার ভবিষ্যৎ কাঠামো নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার আলোচনা হয়েছে। এমনকি দুই স্তরের লিগ চালুর প্রস্তাবও সামনে এসেছিল।

গত এক বছরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ১২টি পূর্ণ সদস্য দেশকে নিয়ে একক ডিভিশনে ডব্লিউটিসি আয়োজনের প্রস্তাব। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুইসের নেতৃত্বাধীন আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপও এই সুপারিশ করেছিল। বর্তমানে প্রতিযোগিতার বাইরে থাকা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান প্রস্তাবটির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।

তবে প্রতিযোগিতায় দল বাড়ানোর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে। কারণ, ডব্লিউটিসির ম্যাচগুলো মূলত দ্বিপক্ষীয় সিরিজের মাধ্যমে আয়োজিত হয় এবং সংশ্লিষ্ট দেশগুলোই নিজেদের সূচি নির্ধারণ করে। আইসিসি সরাসরি আয়োজন করে শুধু ফাইনাল। ফলে দল বাড়ালে আর্থিকভাবে কতটা সুবিধা পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে সুযোগ বাড়ানোর দাবি

বোর্ড সভার আগে শনিবার চার ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) বৈঠকেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে ডব্লিউটিসির বাইরে থাকা তিন পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা নিজেদের দাবি তুলে ধরেন। তাদের মতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুযোগ না পাওয়ায় দেশগুলোতে টেস্ট ক্রিকেটের উন্নয়ন ব্যাহত হচ্ছে। পাশাপাশি পদোন্নতি ও অবনমনের ব্যবস্থা না থাকায় বর্তমান শীর্ষ নয় দলের জায়গা পাওয়ার পথও কার্যত বন্ধ।

দল বাড়ানোর পক্ষে সবচেয়ে সক্রিয় অবস্থান নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। সিইসি সভায় সংস্থাটির প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি অন্য সদস্যদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন বলে জানা গেছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান এখনো পরিষ্কার নয়।

ইংল্যান্ড সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেললেও ডব্লিউটিসি সম্প্রসারণে আগ্রহী নয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অতিরিক্ত ভ্রমণ এবং আর্থিক ব্যয়ের বিষয়টিকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে প্রায় তিন দশক পর ইংল্যান্ডের ঐতিহাসিক জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। শুরুতে ২০২৮ সালে সফরটি আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন সম্ভাব্য সময় হিসেবে ২০৩০ সালকে বিবেচনা করা হচ্ছে। সফরে ঐতিহাসিক ভিক্টোরিয়া ফলসে একটি টেস্ট ম্যাচ আয়োজনের সম্ভাবনাও রয়েছে।

spot_imgspot_img
spot_img

Related Articles