টেস্ট চলাকালেই জিম্বাবুয়ের কোচের পদত্যাগের ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে শারজায় চলমান দ্বিতীয় টেস্ট শেষেই জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাস্টিন স্যামন্স। পারিবারিক কারণে কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২৪ সালের জুনে জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন স্যামন্স। ২০২৮ সালের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব ছাড়ছেন এই কোচ। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্যামন্সের অধীনে টেস্টে সাফল্য জিম্বাবুয়ের

স্যামন্সের অধীনে গত দুই বছরে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে জিম্বাবুয়ে। তার কোচিংয়ে তিনটি টেস্ট জয় পেয়েছে দলটি। এর মধ্যে ২০২১ সালের পর প্রথমবার দেশের বাইরে টেস্ট জয়ের কৃতিত্বও রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে সিলেটে বাংলাদেশের বিপক্ষে সেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এ ছাড়া আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে সর্বশেষ দুটি টেস্টে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪ আসরে জায়গা করে নিতে ব্যর্থ হলেও এবারের আসরে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকার পাশাপাশি টুর্নামেন্ট শেষ করেছে অষ্টম স্থানে থেকে।

স্যামন্সের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি। তবে পারিবারিক কারণে তার দেশে ফেরার সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও জানিয়েছেন তিনি।

মাকোনি বলেন, ‘জাস্টিনের পদত্যাগপত্র গ্রহণ করা আমাদের জন্য খুব কঠিন ছিল। তবে পরিবারের কাছে ফিরে যাওয়ার তার সিদ্ধান্ত আমরা বুঝতে পারছি এবং সেটিকে সম্মান জানাই।

তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের উন্নতিতে তিনি অনেক পরিশ্রম করেছেন। তার নেতৃত্বে দলের অগ্রগতি বেশ কিছু স্মরণীয় টেস্ট জয় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের লড়াকু পারফরম্যান্সে স্পষ্ট হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে তার অবদানের জন্য ধন্যবাদ জানাই। তার ও তার পরিবারের জন্য রইল শুভকামনা।

জিম্বাবুয়ের দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন স্যামন্স। এ ছাড়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ইউনিটেও যুক্ত ছিলেন তিনি। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন এই কোচ।

spot_imgspot_img
spot_img

Related Articles