অস্ট্রেলিয়ার টেস্ট দলে আবারও ফিরতে চান স্যাম কনস্টাস। তবে এবার আরও পরিণত একজন ক্রিকেটার হিসেবে জাতীয় দলে জায়গা করে নেওয়াই তার লক্ষ্য। নিজের খেলার ধরন, কৌশল, টেকনিক ও মানসিকতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে বিশ্বাস করেন ২১ বছর বয়সী এই ওপেনার। তাই দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেকে নতুনভাবে ফিরে পেয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরতে আত্মবিশ্বাসী কনস্টাস।
চলতি শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে টেস্ট দলে ফেরার দাবিটা আরও জোরালো করেছেন কনস্টাস। চলতি সপ্তাহে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা ১৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এটি এবারের শেফিল্ড শিল্ডে তার দ্বিতীয় সেঞ্চুরি।
এক বছর আগে নিজের ব্যাটিংয়ে উন্নতির জন্য তাকে আবারও শেফিল্ড শিল্ডে পাঠানো হয়েছিল। সেই সিদ্ধান্তের সুফল এখন মিলছে। চলতি মৌসুমে ৬ ইনিংসে ৪২৬ রান করে প্রতিযোগিতাটির সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৮৫.২০ গড়ের পাশাপাশি রয়েছে দুটি সেঞ্চুরি। এছাড়া নিউ সাউথ ওয়েলসের হয়ে ৫০ ওভারের ক্রিকেটেও একটি সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য সপ্তাহের শেষ দিকে দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। সেই দলে জায়গা পাওয়ার সম্ভাব্য দাবিদারদের একজন কনস্টাস। তবে অস্ট্রেলিয়ার একাদশে ওপেনিংয়ের জায়গা পাওয়া কঠিন হতে পারে। সেক্ষেত্রে মিডল অর্ডারে সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে তার। গত মাসে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছিলেন, মার্নাস লাবুশেন দল থেকে বাদ পড়ায় কনস্টাসকে তিন নম্বরে খেলানো যেতে পারে।

প্রথম ১০ টেস্ট ইনিংসে মাত্র ১৬.৩০ গড়ে রান করায় দল থেকে বাদ পড়েছিলেন কনস্টাস। তবে এই ব্যর্থতা তার আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলেনি বলে দাবি ২১ বছর বয়সী এই ক্রিকেটারের।
নিজের ব্যাটিংয়ের পরিবর্তন নিয়ে কনস্টাস বলেন, “আমার মনে হয়, এখন আমার খেলার ধরন অনেকটাই আলাদা। অতীতের অভিজ্ঞতা থেকে শিখেছি এবং ব্যাটিংয়ের সময় কীভাবে পরিকল্পনা সাজাতে হয়, সেটার ওপর কাজ করেছি। আমি এখনো আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করি এবং ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করি। তবে কখন চাপ সামলে ধৈর্য ধরতে হবে, সেটাও বুঝতে শিখেছি।” তিনি আরও বলেন, “বেশি বেশি লাল বলের ক্রিকেট খেলার এটাই সবচেয়ে বড় সুবিধা। বিশেষ করে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারতে খেলে অনেক কিছু শিখেছি।”
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ২৪ রান করে কভার অঞ্চলে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন কনস্টাস। তবে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। ২৭২ বল মোকাবিলা করে ১৭৩ রানের ইনিংস খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার দীর্ঘতম ইনিংস। ইনিংসের মাঝে কয়েকবার ভাগ্যের সহায়তা পেলেও ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন তিনি।
২০২৪ সালে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ঝলমলে অভিষেকের পর দ্রুতই ছন্দ হারিয়েছিলেন কনস্টাস। তবে অস্ট্রেলিয়ার নির্বাচকদের বিশ্বাস, টেস্ট দলে পাওয়া অভিজ্ঞতা তার ক্রিকেটীয় উন্নতিতে সহায়তা করবে। কনস্টাসও মনে করেন, জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তার জন্য শিক্ষণীয় ছিল।
নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “আমি সেই সুযোগগুলোর জন্য কৃতজ্ঞ। আমার মনে হয়, আবারও যদি টেস্ট দলে ফিরতে পারি, তাহলে কী করতে হবে সেটা আমি জানি এবং নিজের দক্ষতার ওপর আস্থা রাখতে পারব।”
“আমি অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। তবে আপাতত আমার কাজ শেফিল্ড শিল্ডে রান করে যাওয়া। এরপর কী হয়, সেটা দেখা যাবে।” নিজের বর্তমান ফর্ম নিয়েও সন্তুষ্ট কনস্টাস। শুরুটা ভালো করার পর সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারছেন বলে মনে করেন তিনি।
“আমার মনে হচ্ছে, আমি সঠিক পথেই এগোচ্ছি। ভালো শুরু গুলোকে বড় স্কোরে পরিণত করতে পেরে খুশি। বিশেষ করে যখন ব্যাটিংয়ে ছন্দ পাওয়া যায়, তখন সেই সুযোগ কাজে লাগিয়ে বড় রান করাই লক্ষ্য থাকে।”
চলতি মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের নজর কেড়েছেন কনস্টাস। এখন দেখার বিষয়, শেফিল্ড শিল্ডের এই দুর্দান্ত ফর্ম তাকে আবারও অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা করে দিতে পারে কি না।


