মুশফিকের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লিটন

মুশফিকের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লিটন! আগের দিনই সেঞ্চুরির আভাস দিয়েছিলেন লিটন কুমার দাস। নতুন দিনের শুরুতে সেই অপেক্ষা আর দীর্ঘ হয়নি। মার্কো ইয়ানসেনকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। আর এই শতকের মধ্য দিয়ে দেশের ক্রিকেটে নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি। সেঞ্চুরির পর ১২০ রানে বিদায় নেন লিটন।

লিটনের এই সেঞ্চুরিতে পেছনে পড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে লিটনের দখলে। এর আগে এই রেকর্ডে মুশফিকের সঙ্গে যৌথভাবে অবস্থান করছিলেন তিনি।

প্রায় ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে উইকেটকিপার-ব্যাটার হিসেবে ৪৯টি ম্যাচ খেলেছেন লিটন। এই সময়ে ৮৩ ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন ৭টি সেঞ্চুরি। সব মিলিয়ে তাঁর টেস্ট সেঞ্চুরির সংখ্যা এখন ৮টি।

অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার হিসেবে বাংলাদেশের হয়ে ৫৫টি টেস্টে ১০৪ ইনিংস ব্যাট করে ৬টি সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। এতদিন পর্যন্ত তিনিই ছিলেন এই তালিকার শীর্ষে। তবে লিটনের দুর্দান্ত শতকে সেই রেকর্ড এখন নতুন করে লেখা হলো।

আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরির সংখ্যায় লিটনের চেয়ে এগিয়ে আছেন মাত্র চারজন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (১৭), জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (১২), ইংল্যান্ডের লেস অ্যামিস (৮) এবং ভারতের রিশাভ পান্ত (৮)।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৩ ওভারে ৬ উইকেটে ৩৫৯ রান। ব্যক্তিগত ১১৪ রানে অপরাজিত রয়েছেন লিটন। অন্যদিকে, ১০ রান করে সাজঘরে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিজে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন হাসান মাহমুদ।

লিটনের এই সেঞ্চুরি শুধু দলের জন্য গুরুত্বপূর্ণ রানই এনে দেয়নি, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়েও নতুন অধ্যায় যোগ করেছে। মুশফিকের রেকর্ড ছাড়িয়ে দেশের সেরা উইকেটকিপার-ব্যাটার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles