উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ২০১৮ সালের বহুল আলোচিত স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজে বল টেম্পারিংয়ের ঘটনায় ড্রেসিংরুমের সবাই অবগত ছিলেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। তার এমন বক্তব্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবার সমালোচনার মুখে স্বামী খাজার পাশে দাঁড়িয়েছেন স্ত্রী র্যাচেল।
খাজার বইয়ে দাবি করা হয়েছে, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের বিষয়ে আলোচনা হয়েছিল এবং বলের ওপর তা ব্যবহার করা হয়েছিল। যদিও ওই ম্যাচে বিষয়টি প্রকাশ্যে আসেনি। পরের টেস্ট কেপটাউনে ক্যামেরন ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।
খাজার ভাষ্য অনুযায়ী, দলের ড্রেসিংরুমের সবাই এই পরিকল্পনার কথা জানতেন। অথচ শাস্তির মুখে পড়েছিলেন কেবল অধিনায়ক স্টিভ স্মিথ, সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নিজের অস্বস্তির কথা জানিয়েছেন তিনি।
তবে খাজার অভিযোগ অস্বীকার করেছেন ওই সিরিজের চার প্রধান বোলার। বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স সংবাদ সম্মেলনে এসব দাবিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ বলে মন্তব্য করেছেন। মিচেল স্টার্কও জানিয়েছেন, বল টেম্পারিংয়ের বিষয়ে বোলারদের আগে থেকে কোনো ধারণা ছিল না। অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন করে তদন্তের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
এদিকে ডেভিড ওয়ার্নার খাজার বক্তব্যকে ‘শতভাগ সত্য’ বলে সমর্থন জানিয়েছেন। এবার স্বামীর সমর্থনে সরব হয়েছেন র্যাচেলও। খাজার দাবি নিয়ে প্রকাশিত সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদন ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি সমালোচকদের বইটি পড়ার আহ্বান জানিয়েছেন।
র্যাচেল লিখেছেন, যারা মূল প্রতিবেদনটি পড়েননি, তাদের জন্য সেটি আবার শেয়ার করেছেন তিনি। পুরো ঘটনা বুঝতে প্রতিবেদনটির পাশাপাশি খাজার বই পড়ারও অনুরোধ জানান।
তিনি আরও মনে করিয়ে দেন, স্যান্ডপেপারগেট নিয়ে আলোচনা পুরো বইয়ের সামান্য একটি অধ্যায় মাত্র। এটি উসমান খাজার জীবনী, যেখানে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। বিতর্কিত এই ঘটনা পছন্দ হোক বা না হোক, এটি খাজার জীবনেরই একটি অংশ।


