পর্তুগাল নিয়ে রোনালদোর মায়ের বিস্ফোরক মন্তব্য

পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায় ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার ছেলের পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা দোলোরেস আভেইরো। তার অভিযোগ, জাতীয় দল ছাড়ার আগে রোনালদোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এমনকি ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারেও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

সোমবার স্পোর্তিং সিপিতে নিজের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আভেইরো। সেখানে রোনালদোর অবসরের প্রসঙ্গে তিনি বলেন, পুরো ঘটনায় তার ছেলে ভীষণ কষ্ট পেয়েছেন।

আভেইরো বলেন, “অবশ্যই সে কষ্ট পেয়েছে। তারা তার সঙ্গে প্রতারণা করেছে। আমারও খারাপ লেগেছে।”

গত শনিবার উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের কাছে পর্তুগালের বড় ব্যবধানে হার নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, “ওদের হারাই উচিত ছিল। আমি খুশি হয়েছি।”

ব্রাগায় অনুষ্ঠিত ম্যাচে রোনালদোর প্রতি সম্মান জানাতে পর্তুগালের খেলোয়াড়রা তার ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন। তবে আভেইরোর মতে, ছেলের অনুপস্থিতিতে এমন সম্মান জানানোর কোনো অর্থ নেই।

তিনি বলেন, “তাকে সম্মান জানাতে হলে তার সামনেই করা উচিত ছিল, তাকে ছাড়া নয়। স্পোর্তিংয়ে আমরা তাকে সম্মান জানাব। এখানে তার মূল্য বোঝা হয়।”

জাতীয় দলে ২৩ বছরের ক্যারিয়ারের শেষ পর্যায়ে রোনালদো যথাযথ সম্মান পাননি বলেও অভিযোগ করেন তার মা।

এদিকে পর্তুগাল কোচ জর্জে জেজুসের সঙ্গে রোনালদোর সম্পর্কের অবনতি নিয়েও আলোচনা চলছে। মায়ের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে বিরক্তি প্রকাশ করলেও পরে তিনি বলেন, একজন মা সবসময় সন্তানের পক্ষ নেবেন, এটাই স্বাভাবিক।

জেজুস বলেন, “রোনালদোর মায়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। মা তো মা-ই। তিনি সবসময় সন্তানদের রক্ষা করবেন। তার মন্তব্য আমি বুঝতে পারছি।”

রোনালদোর জাতীয় দল ছাড়ার ঘটনাকে ঘিরে চলমান বিতর্কে মায়ের এই মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

spot_imgspot_img
spot_img

Related Articles