হাঁটুর চোটের কারণে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না জেকব বেথেলের। শুধু তাই নয়, ২০২৭ সালের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পুরোপুরি সুস্থ হতে আগামী বছরের আইপিএল থেকেও নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।
গত জুলাই থেকে মাঠের বাইরে রয়েছেন বেথেল। শুরুতে ধারণা করা হয়েছিল, এক মাসের মধ্যেই চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন তিনি। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর তার হাঁটুতে কার্টিলেজের সমস্যা ধরা পড়ে। পরিস্থিতি সামাল দিতে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। এরপর চলতি মাসে অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজ দিয়ে ফেরার পরিকল্পনা ছিল এই ব্যাটসম্যানের। তবে হাঁটুর ব্যথা ও ফোলাভাব না কমায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেথেলের হাঁটুতে আরও একটি অস্ত্রোপচার করাতে হতে পারে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর অনুযায়ী, আগামী বছরের আইপিএলেও খেলবেন না বেথেল। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত মৌসুমের স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেওয়ার পর ডিসেম্বরের নিলামেও নাম নিবন্ধন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ২০২৭ সালের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির আগে নিজেকে পুরোপুরি ফিট করে তুলতেই এমন সিদ্ধান্ত তার।
আইপিএলে খেলার অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক থাকলেও সেখানে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বিষয়টি বরাবরই আলোচনায় ছিল বেথেলের। আইপিএলে প্রথম মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একটি টেস্ট ম্যাচেও খেলতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। এবার তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলের হয়ে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।




