২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিং কাণ্ড নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক বিস্ফোরক বক্তব্যের পরও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বৃহস্পতিবার ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের এজেন্ট নিল ম্যাক্সওয়েল।
বুধবার প্রায় চার হাজার শব্দের এক বিবৃতিতে ২০১৮ সালের সেই বিতর্কিত ঘটনার বিস্তারিত তুলে ধরেন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ ও কেপটাউনে অনুষ্ঠিত টেস্টে কীভাবে বল বিকৃতির ঘটনা ঘটানো হয়েছিল, তা নিয়ে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। একই সঙ্গে তার বক্তব্যে সমর্থন পেয়েছে উসমান খাজার আগের দাবি। খাজার মতে, দলের সবাই বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে অবগত ছিলেন।
ব্যানক্রফটের বক্তব্য প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটার ও কর্মকর্তাদের অভিজ্ঞতা জানতে একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ব্যানক্রফটের বিবৃতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে গত শুক্রবার কামিন্সের সংবাদ সম্মেলনের বিষয়টি। সেখানে উসমান খাজার ‘পুরো দল জানত’ মন্তব্যকে সরাসরি নাকচ করে দিয়ে কামিন্স বলেছিলেন, দাবিটি ‘১০০ শতাংশ ভুল’। পাশাপাশি খাজার এমন বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেও অভিহিত করেন তিনি। কামিন্সের ওই মন্তব্যে নিজেকে ক্ষুব্ধ, প্রতারিত ও একাকী মনে হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ব্যানক্রফট।
তবে নতুন করে ওঠা এসব অভিযোগের পরও কামিন্সের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার এজেন্ট নিল ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আট বছর ধরে প্যাটের অবস্থান একই রয়েছে। শুরু থেকেই সে নিজের বক্তব্যে অনড়। ক্যামেরনের জন্য প্যাটের খারাপ লাগছে। তাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে।
ম্যাক্সওয়েল আরও বলেন, ‘প্যাটের সংবাদ সম্মেলনের সম্পূর্ণ বক্তব্য আবারও পড়ার অনুরোধ করব। ক্যামেরন এখন যা বলেছেন, তার জবাবসহ এমন কোনো বিষয় নেই, যার উত্তর প্যাট দেননি। প্যাট অস্ট্রেলিয়া দলকে নতুন করে গড়ে তুলেছে। কেপটাউনে ২৪ বছর বয়সে সে দলকে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছিল এবং গত আট বছর ধরে সেই কাজই করে যাচ্ছে।
এদিকে ব্যানক্রফটের নতুন অভিযোগ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি জশ হ্যাজলউড ও নাথান লায়ন। তবে মিচেল স্টার্ক গত সপ্তাহে স্পষ্ট করেছিলেন, ২০২১ সালে চার বোলারের দেওয়া যৌথ বিবৃতিতে যে অবস্থান নেওয়া হয়েছিল, তা থেকে সরে আসার কোনো কারণ তারা দেখছেন না।
অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ মনে করেন, কামিন্সকে নতুন করে নির্দোষ প্রমাণ করার প্রয়োজন নেই। তার মতে, ২০১৮ সালের ঘটনার পর থেকে কামিন্স ও দলের বোলাররা ধারাবাহিকভাবে একই অবস্থানে রয়েছেন।




