একজনের ঠিকানা এখন কারাগার, অন্যজনের সামনে ইউরোপীয় ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। বাবা রবিনিও একসময় ব্রাজিলের ফুটবলে আলোচিত তারকা ছিলেন। কিন্তু ধর্ষণের মামলায় নয় বছরের কারাদণ্ড নিয়ে এখন সাও পাওলোর কারাগারে দিন কাটছে তাঁর। অন্যদিকে বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজের নাম প্রতিষ্ঠার পথে এগিয়ে চলেছেন ছেলে রবিনিও জুনিয়র। ১৮ বছর বয়সী এই তরুণ সম্প্রতি ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নজর কেড়েছেন।
১৬ নভেম্বর বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে প্রীতি ম্যাচে ৯-০ গোলের বিশাল জয় পায় ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করেন রবিনিও জুনিয়র। ৫৬ মিনিটে হেডে গোল করে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এর দুই মিনিট পর বাঁ পায়ের নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। ব্রাজিলের হয়ে আন্দ্রে করেন হ্যাটট্রিক। এ ছাড়া মাতেওস ফেরেইরা, জুয়ান নুনেস ও ইউরি লেলেস একটি করে গোল করেন। একটি গোল আসে পেরুর আত্মঘাতী ভুলে।

বাবার পরিচয় থেকে নিজের পথচলা
২০০৭ সালের ১৭ ডিসেম্বর ব্রাজিলের সান্তোসে জন্ম রবিনিও জুনিয়রের। তাঁর বাবা তখন খেলতেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। ছেলের পুরো নাম রবসন ডি সুজা জুনিয়র হলেও ফুটবলবিশ্বে তিনি পরিচিত রবিনিও জুনিয়র নামে।
বাবার পথ অনুসরণ করেই মাত্র ১৫ বছর বয়সে ২০২২ সালে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন তিনি। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পাওয়ার পর ২০২৪ সালে ক্যাম্পেওনাতো পলিস্তা অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় সান্তোসের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই প্রতিযোগিতায় নয়টি গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হন।
২০২৫ সালে সান্তোসের মূল দলে অভিষেক হয় তাঁর। বাবার মতোই সাত নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন এই তরুণ। তাঁর প্রতিভায় আস্থা রেখে গত এপ্রিলে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে ক্লাবটি। তবে সান্তোসে তাঁর পথচলা সব সময় মসৃণ ছিল না। সতীর্থ নেইমারের সঙ্গে বিরোধে জড়িয়ে একবার আলোচনায় আসেন তিনি। এ বছর ক্লাবের হয়ে ১২টি ম্যাচ খেলার পর প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। কোচ কুকার অধীনে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন জুনিয়র ও তাঁর পরিবার।
শেষ পর্যন্ত গত ২ সেপ্টেম্বর ইতালির সিরি ‘আ’র ক্লাব জেনোয়ায় এক মৌসুমের জন্য ধারে যোগ দেন তিনি। চুক্তিতে তাঁকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও রেখেছে ইতালিয়ান ক্লাবটি। জেনোয়ার হয়ে লিগে একটি ম্যাচ খেলেছেন রবিনিও জুনিয়র। তাঁর সেই অভিষেক ম্যাচ দেখেছিলেন বাবা রবিনিওও। তবে স্টেডিয়ামের গ্যালারিতে বসে নয়, সাও পাওলোর কারাগারে থেকে।
ব্রাজিল নাকি ইতালি?
জাতীয় দলের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রেও রবিনিও জুনিয়রের সামনে রয়েছে দুটি সম্ভাবনা। তাঁর মা ভিভিয়ান গুজলিয়েলমেত্তির ইতালীয় নাগরিকত্ব থাকায় চাইলে ভবিষ্যতে ইতালির হয়েও খেলতে পারবেন তিনি।
পেরুর বিপক্ষে ম্যাচ শেষে জাতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে দুটি সম্ভাবনাই খোলা রাখার কথা জানান জুনিয়র। তাঁর ভাষায়, প্রতিটি শিশুরই স্বপ্ন থাকে নিজের জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। তাঁর সামনে দুটি দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে এবং যেকোনো একটি সুযোগ তিনি সাদরে গ্রহণ করবেন। তবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ পাওলো ভিক্টর তাঁর ওপর আস্থা রেখেছেন বলে জানিয়েছেন এই তরুণ।
ব্রাজিলের বয়সভিত্তিক দলের কোচও দ্বৈত নাগরিকত্বধারী খেলোয়াড়দের খুঁজে বের করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এ জন্য বিভিন্ন দেশে সফর এবং বিদেশি ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় দলের সুযোগ দেওয়া যায়।

বাবার চেয়েও বড় হওয়ার স্বপ্ন
রবিনিও জুনিয়রের প্রতিভা ছোটবেলা থেকেই নজর কেড়েছিল তাঁর কোচদের। সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার আগে স্থানীয় ক্লাব পোর্তুয়ারিসে খেলতেন তিনি। সেখানে তাঁর কোচ রবসন ফার্নান্দেজ দি অলিভেরা মনে করেন, ছোটবেলা থেকেই জুনিয়রের মধ্যে ব্যতিক্রমী দক্ষতা ছিল। বিশেষ করে বাঁ পায়ের ড্রিবলিংয়ে তিনি ছিলেন অসাধারণ। এমনকি কোচের মতে, এই দক্ষতায় জুনিয়র তাঁর বাবাকেও ছাড়িয়ে গেছেন।
একসময় জুনিয়রের বাবাকে তাঁর কোচ বলেছিলেন, ছেলে একদিন তাঁর চেয়েও বড় মাপের ফুটবলার হতে পারে। সেই সম্ভাবনা নিয়ে আশাবাদী জেনোয়ার কোচ ড্যানিয়েল ডি রসিও। জুনিয়রের খেলায় মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেছেন, মাঠে এই তরুণ বেশ কার্যকর ও বুদ্ধিদীপ্ত ফুটবল খেলেন। তবে শারীরিক শক্তি বাড়ানোর প্রয়োজন রয়েছে।
বাবার অতীত, ছেলের নতুন অধ্যায়
রবিনিও একসময় ব্রাজিলের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের মতো বড় ক্লাবে খেলেছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচে করেছেন ২৮ গোল। তবে ২০১৩ সালে ইতালির মিলানে একটি নৈশ ক্লাবে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর ইতালির আদালত তাঁকে নয় বছরের কারাদণ্ড দেন। ২০২৪ সালের মার্চ থেকে ব্রাজিলে সেই সাজা ভোগ করছেন সাবেক এই ফুটবলার।
বাবার এমন অতীতের মধ্যেই নিজের ফুটবল ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন রবিনিও জুনিয়র। সান্তোস থেকে জেনোয়া, এরপর ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে অভিষেক , সব মিলিয়ে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। সামনে ২০২৭ সালের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও জায়গা করে নেওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। তবে জাতীয় দলে জায়গা নিশ্চিত হয়েছে বলে মনে করেন না জুনিয়র। তাঁর মতে, দল নির্বাচন নির্ভর করে খেলোয়াড়ের বর্তমান পারফরম্যান্সের ওপর। তাই সুযোগ পেতে আরও কঠোর পরিশ্রম করতে চান তিনি।
বাবার নাম তাঁকে পরিচিতি দিয়েছে, কিন্তু নিজের প্রতিভা দিয়ে আলাদা পরিচয় গড়াই এখন রবিনিও জুনিয়রের লক্ষ্য। পেরুর বিপক্ষে জোড়া গোল দিয়ে সেই পথচলায় নতুন করে আশার আলো দেখিয়েছেন এই তরুণ।




