সেঞ্চুরিয়ন টেস্টে থাকছেন না হাসান মাহমুদ

দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গ টেস্টে বড় পরাজয়ের ধাক্কার মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন না পেসার হাসান মাহমুদ। টানা খেলার ধকল ও চোটের ঝুঁকি বিবেচনায় তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

আগামী সোমবার সেঞ্চুরিয়নে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জোহানেসবার্গ টেস্ট শেষে দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হাসান। ৩০.৪ ওভার বোলিং করে ১১৮ রান খরচায় নিয়েছেন দলের সর্বোচ্চ ৪ উইকেট। তবে ম্যাচজুড়েই চোটের সঙ্গে লড়তে হয়েছে তাঁকে।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বোলিংয়ের সময় মার্কাস অ্যাকারম্যানের স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে তাঁর মাথায় আঘাত করে। মাঠেই প্রাথমিক শুশ্রূষা নিয়ে আবার বোলিংয়ে ফেরেন তিনি। এর আগে থেকেই ডান হাতে অস্বস্তিতে ছিলেন এই পেসার। চতুর্থ দিন পুরোনো টেনিস এলবোর চোটের কারণে আবারও মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে হাতে বিশেষ সুরক্ষাসামগ্রী পরে বোলিংয়ে ফেরেন হাসান।

সাম্প্রতিক সময়ে ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই পেসার। গত চার মাসে জাতীয় দলের হয়ে খেলেছেন ছয়টি টেস্ট। এর বাইরে কাউন্টি ক্রিকেটেও খেলেছেন দুটি ম্যাচ।

সব মিলিয়ে হাসানের শারীরিক অবস্থা ও ওয়ার্কলোড বিবেচনায় নিয়েই ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ। ফলে সেঞ্চুরিয়ন টেস্টে পেস বিভাগে অন্তত একটি পরিবর্তন নিশ্চিত।

spot_imgspot_img
spot_img

Related Articles