জিয়া পরিবারের নামে ক্রীড়া আয়োজনে লাগবে সরকারি অনুমোদন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের পরিবারের সদস্যদের নামে কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা টুর্নামেন্ট আয়োজন করতে হলে সরকারের পূর্বানুমোদন নিতে হবে।

অনুমোদন ছাড়া এ ধরনের আয়োজন না করার জন্য সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা কিংবা স্থানীয় ক্রীড়া সংস্থা ও এর অধিভুক্ত কোনো ক্লাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে কোনো ক্রীড়া প্রতিযোগিতা, টুর্নামেন্ট বা ক্রীড়া আয়োজনের নামকরণ করতে পারবে না সরকারের পূর্বানুমোদন ছাড়া।

একইভাবে এসব আয়োজনের প্রচার-প্রচারণার ক্ষেত্রেও আগে অনুমতি নিতে হবে। নোটিশে আরও বলা হয়েছে, সরকারের পূর্বানুমোদন ছাড়া এ ধরনের আয়োজন থেকে বিরত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জারি করা নোটিশটি দেশের সব ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া কর্মকর্তা, অ্যাসোসিয়েশন, বোর্ড, সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থাকে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাটি অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

spot_imgspot_img
spot_img

Related Articles