রিয়ালের সঙ্গে চুয়ামেনির নতুন চুক্তি

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আরও এক গুরুত্বপূর্ণ ফুটবলারকে ধরে রাখল রিয়াল মাদ্রিদ। ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে থাকবেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

চুয়ামেনির আগে বুধবার তুরস্কের তরুণ মিডফিল্ডার আর্দা গুলেরের সঙ্গেও নতুন চুক্তি করার ঘোষণা দিয়েছিল ক্লাবটি। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দীর্ঘমেয়াদি চুক্তিতে আবদ্ধ করে ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে রিয়াল।

২০২২ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন চুয়ামেনি। তাঁকে দলে নিতে প্রায় ৮ কোটি ইউরো খরচ করেছিল স্প্যানিশ ক্লাবটি। তখন এই তরুণকে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হতো। তাঁকে দলে পেতে আগ্রহী ছিল লিভারপুল ও প্যারিস সেন্ট জার্মেইও। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে তাঁকে নিজেদের করে নেয় রিয়াল।

ক্লাবটির হয়ে পাঁচ মৌসুমে এখন পর্যন্ত ২০৫টি ম্যাচ খেলেছেন চুয়ামেনি। এই সময়ে জিতেছেন আটটি শিরোপা। এর মধ্যে রয়েছে একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, একটি লা লিগা, একটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ।

অরেলিয়েন চুয়ামেনি

জাতীয় দল ফ্রান্সের হয়েও গুরুত্বপূর্ণ সদস্য চুয়ামেনি। দেশটির হয়ে এখন পর্যন্ত ৫০টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালে ফ্রান্সের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগ।

তবে রিয়ালে পথচলা সব সময় মসৃণ ছিল না তাঁর। কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের দুয়োও শুনতে হয়েছে। তবে চলতি মৌসুমে নিজের পারফরম্যান্সে উন্নতি করেছেন এই মিডফিল্ডার। লা লিগায় আটটি এবং চ্যাম্পিয়নস লিগে দুটি ম্যাচ খেলেছেন তিনি।

সম্প্রতি ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে পেশির সমস্যায় পড়েছিলেন চুয়ামেনি। এ কারণে চলতি মাসের শুরুতে জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হয় তাঁকে। তবে বৃহস্পতিবার রিয়ালের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles