আগামী বছরের জুনে ঘরের মাঠে বসবে এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের মাটিতে এই সিরিজ আয়োজনের প্রস্তাব ইতোমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে দিয়েছে বাংলাদেশ।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় প্রস্তাবটি উত্থাপন করে বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের এই উদ্যোগে ইতিবাচক মনোভাব দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
তবে সিরিজ আয়োজনের সময় নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বিষয়টি পরিষ্কার করে বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, নাকভির বক্তব্যে সময়ের উল্লেখটি সঠিক ছিল না। মূলত ২০২৭ সালের এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, “এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব আমরা দিয়েছি এবং দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।”
তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এ কারণে সিরিজ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না বিসিবি। ওই কর্মকর্তা জানান, দুই দেশ বিষয়টি পর্যালোচনা করছে। তাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত সেই আসরে ফাইনাল খেললেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয় স্বাগতিকরা।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা। এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করা সম্ভব হলে প্রস্তুতির পাশাপাশি নিজেদের সামর্থ্য যাচাইয়েরও সুযোগ পাবে বাংলাদেশ।


