মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের আগেই দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার লরা উলভার্টের ক্যারিয়ারসেরা ইনিংসে ভর করে মেলবোর্ন রেনেগেডসকে ৫ উইকেটে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। জয়ের জন্য শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের, অ্যাডিলেড স্ট্রাকার্সের এই গুরুত্বপূর্ণ জয় এসেছে ১ বল হাতে রেখেই।
শুক্রবার রাতে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত ম্যাচে সোফি মলিনিউক্সের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রেনেগেডস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্ট্রাইকার্স। মাত্র ২৭ রানে ২ উইকেট হারায় তারা। এরপর লরা উলভার্ট ও তাহলিয়া ম্যাকগ্রা মিলে গড়েন ১০০ রানের দুর্দান্ত জুটি।
মলিনিউক্স গুরুত্বপূর্ণ সময়ে ম্যাকগ্রাকে ফিরিয়ে জুটি ভাঙেন। এরপর জর্জিয়া ওয়ারহ্যামের শিকার হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ম্যাডি পেনা। ফলে ১৭তম ওভারে ১২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্ট্রাইকার্স। শেষ ওভার শুরুর আগে অবশ্য জয়ের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নেয় স্ট্রাইকার্স। ডেথ ওভারের বিশেষজ্ঞ বোলার ডিয়ান্দ্রা ডটিনের করা শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল মাত্র ৭ রান।
ওভারের শুরুতেই দুর্দান্ত এক ইয়র্কারে উলভার্টকে বোল্ড করে দেন ডটিন। ফলে শেষ দুই বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন হয় স্ট্রাইকার্সের। স্ট্রাইকে ছিলেন নতুন ব্যাটার এলেনর লারোসা। চাপের মুখেও মাথা ঠান্ডা রাখেন লারোসা। ওভারের পঞ্চম বলটি ব্যাটের মুখ খুলে গাইড করে সীমানার বাইরে পাঠিয়ে দেন তিনি। চার রানের সেই বাউন্ডারিতেই এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে অ্যাডিলেড।
এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে স্ট্রাইকার্স (৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার) । অন্যদিকে ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হার নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে রেনেগেডস। এর আগে ছয় দিন আগেই পার্থ স্কর্চার্সের বিপক্ষে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছিলেন উলভার্ট। এবার রেনেগেডসের বিপক্ষে ১১টি চার ও একটি ছক্কায় সাজানো ৯১ রানের ইনিংস খেলেন তিনি। এটিই ডব্লিউবিবিএলে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
উলভার্টের দুর্দান্ত ফর্মের প্রশংসা করে তাহলিয়া ম্যাকগ্রা বলেন, “সে অসাধারণ একজন খেলোয়াড়। এই টুর্নামেন্টে সে অবিশ্বাস্য ক্রিকেট খেলছে। তার ব্যাটিং দেখে মনে হয়, ব্যাট করাটা যেন খুবই সহজ!”
ম্যাকগ্রা আরও বলেন, “এটি আমাদের জন্য বিশেষ একটি জয়। ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। পয়েন্ট টেবিলের লড়াইয়ে জয়টি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”এই ইনিংসের মধ্য দিয়ে চলতি মৌসুমে উলভার্টের রানসংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫-এ। যা এবারের প্রতিযোগিতায় এখন পর্যন্ত সর্বোচ্চ।
নিজের দুর্দান্ত ফর্ম নিয়ে উলভার্ট বলেন, “এই মুহূর্তে আমি ক্রিকেটটা দারুণ উপভোগ করছি। কন্ডিশন অনুযায়ী খেলার চেষ্টা করছি। সতীর্থদের কাছ থেকেও দারুণ সহযোগিতা পেয়েছি। শুরুতে টিএম (তাহলিয়া ম্যাকগ্রা) অনেক চাপ সামলে নিয়েছিল, যার ফলে আমি ইনিংসে থিতু হওয়ার সময় পেয়েছি। এরপর যখন নিজের ছন্দ খুঁজে পেয়েছি, তখন শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং করতে পেরেছি।”
ম্যাচের নায়ক লরা উলভার্ট-তার ৯১ রানের অসাধারণ ইনিংসেই গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
চুড়ান্ত স্কোর: অ্যাডিলেড স্ট্রাইকার্স ১৬৮/৫ (উলভার্ট ৯১, ম্যাকগ্রা ৪৬)
মেলবোর্ন রেনেগেডস ১৬৫/৪ (মলিনিউক্স ৬৩)*
ফলাফল: ৫ উইকেটে জয়ী অ্যাডিলেড স্ট্রাইকার্স।


