ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের দুই পেসার জেভিয়ার বার্টলেট ও মাহলি বিয়ার্ডম্যান।
২১ বছর বয়সী বিয়ার্ডম্যানের বাঁ উরুর পেশিতে চোট লেগেছে। অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অন্যদিকে, বাঁ হাঁটুর চোটে পড়েছেন ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা বার্টলেট।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে দুই দলের এই সিরিজ। বার্টলেট ও বিয়ার্ডম্যানের আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন আরেক পেসার ন্যাথান এলিস। সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন তিনি।
চোটের পাশাপাশি বিশ্রামের কারণেও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। এই সিরিজে থাকছেন না ট্রাভিস হেড, ম্যাট রেনশ, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস ও কুপার কনোলি।
এদিকে সাইড স্ট্রেইন কাটিয়ে দলে ফিরেছেন বিলি স্ট্যানলেক। গত সোমবার ওয়ানডে কাপের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এই পেসার। এর আগে দলে যুক্ত করা হয়েছে বেন ডোয়ার্শিস, রাইলি মেরেডিথ ও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা হেনরি থর্নটনকে।
বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে মাঠে ফিরতে পারেন বিয়ার্ডম্যান। তবে বার্টলেটের চোটের অবস্থা আরও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অভিজ্ঞ দুই পেসার প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), স্যাম হার্পার, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ল্যাচলান শ, টিম ডেভিড, মিচেল ওয়েন, জ্যাক এডওয়ার্ডস, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, বেন ডোয়ার্শিস, স্পেন্সার জনসন, হেনরি থর্নটন, রাইলি মেরেডিথ ও অ্যাডাম জ্যাম্পা।


