মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে ধারাবাহিক চমক দেখিয়ে ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন এই তরুণ। এবার মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি মিলল আন্তর্জাতিক অঙ্গনেও। বিশ্বখ্যাত সাময়িকী টাইমের প্রথমবার প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
ভারতের বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন-এমন ১০০ তরুণ ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্বকে নিয়ে সাজানো হয়েছে এই তালিকা। খেলাধুলা, বিনোদন, ব্যবসাসহ বিভিন্ন অঙ্গনে নিজেদের প্রতিভা ও কাজের মাধ্যমে সম্ভাবনার জানান দেওয়া ব্যক্তিদের নির্বাচন করেছে টাইম। সেই তালিকায় সূর্যবংশীর অন্তর্ভুক্তি ভারতীয় ক্রিকেটে তাঁর ক্রমবর্ধমান পরিচিতিরই স্বীকৃতি।
‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’র ‘ইনোভেটরস’ বিভাগে রাখা হয়েছে সূর্যবংশীকে। তালিকায় তাঁর পরিচিতি তুলে ধরেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। সেখানে এই কিশোর ক্রিকেটারের ব্যাটিং দক্ষতার প্রশংসা করে তাঁকে নতুন ভারতের সম্ভাবনার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি।
আয়ুষ্মান খুরানার ভাষায়, ‘মাঠে যখন সে ক্রিকেট ব্যাট ঘোরায়, বৈভব সূর্যবংশী আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ তাদেরই, যারা ভিন্নভাবে চিন্তা করতে পারে। সে একজন বিস্ময়কর ক্রীড়াপ্রতিভা।’
অল্প বয়সেই এমন আন্তর্জাতিক স্বীকৃতি সূর্যবংশীর ক্যারিয়ারে নিঃসন্দেহে উল্লেখযোগ্য সংযোজন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আগ্রাসী ব্যাটিং, দ্রুত রান তোলার সক্ষমতা এবং আত্মবিশ্বাসী পারফরম্যান্সের কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি। বয়সের তুলনায় পরিণত ব্যাটিং দিয়ে এরই মধ্যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনাময় তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই বাঁহাতি ব্যাটার।
উল্লেখ্য, ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ হলো টাইমের আন্তর্জাতিক ‘টাইম১০০ নেক্সট’ উদ্যোগের ভারতীয় সংস্করণ। এটি কোনো প্রচলিত র্যাঙ্কিং নয়; বরং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে প্রভাব বিস্তারের সম্ভাবনা রয়েছে—এমন ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত টাইমের সাংবাদিকেরা ব্যক্তিদের অর্জন, অবদান ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে ১০০ জনকে নির্বাচন করেছেন।
এবারের তালিকায় ক্রিকেট থেকে জায়গা পেয়েছেন দুজন। সূর্যবংশী ছাড়াও রয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর। এ ছাড়া ক্রীড়াঙ্গন থেকে তালিকায় স্থান পেয়েছেন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই, টেনিস তারকা সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সবিতা পুনিয়া এবং অ্যাথলেট ভিথিয়া রামরাজ।


