ব্লাইন্ড দাবায় পাকিস্তানে বাংলাদেশের দুই দাবাড়ু

২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পাকিস্তানের করাচিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইবিসিএ এশিয়া কাপ ২০২৬ আন্তর্জাতিক ব্লাইন্ড দাবা প্রতিযোগিতা। ওয়ার্ল্ড ব্লাইন্ড চেস অ্যাসোসিয়েশন ও পাকিস্তান ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশনের যৌথ আয়োজনে এশিয়া কাপ আন্তর্জাতিক ব্লাইন্ড দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এশিয়ার মোট ১০টি দেশ।

দেশগুলো হলো-বাংলাদেশ, ইরান, সৌদি আরব, থাইল্যান্ড, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, ফিলিপাইন ও স্বাগতিক পাকিস্তান।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশনের (বিবিএসএফ) পক্ষ থেকে অংশ নিচ্ছে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রাতে দলটি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে।

বাংলাদেশ দলের দুই ব্লাইন্ড দাবাড়ু হলেন আবিদ হোসেন ও মো: মনির রানা এবং দুই কর্মকর্তা হলেন বিবিএসএফের সভাপতি এমএম রনক ও সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ।

আজ ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বাংলাদেশ ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশনের সভাপতি এমএম রণক, সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিবিএসএফের ডিরেক্টর অব ফিন্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মাহমুদুল হক রনি।

সভাপতি রণক বলেন, ‘এটি অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় যে, ফেডারেশনটি প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের কোনো ব্লাইন্ড দাবা প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ুরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা, দক্ষতা, অধ্যবসায় ও ক্রীড়া নৈপুণ্য তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জন এবং অন্যান্য দেশের ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশনের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।

পাকিস্তানে এশিয়া কাপে অংশগ্রহণের মাধ্যমে দেশের ব্লাইন্ড দাবা ও অন্যান্য দৃষ্টিপ্রতিবন্ধী ক্রীড়ার উন্নয়ন, প্রসার এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরো জানান, ‘ব্লাইন্ডদের নিয়ে অন্য ডিসিপ্লিনেও কাজ করতে চাই। ছোট্ট পদক্ষেপ দিয়েই বড় কিছুর যাত্রা শুরু হয়।সাধারণ সম্পাদক সানোয়ার জানান, ‘পাঁচ রাউন্ডের খেলা হবে। এই দলটি নিয়ে কয়েকদিনের অনুশীলন হয়েছে। যেহেতু প্রথমবারের মতো বিদেশে খেলতে যাচ্ছে, সেহেতু আমাদের চাওয়া তেমন বড় নয়। তবে বাংলাদেশের মান রাখবে বলে আমাদের বিশ্বাস। আশা করছি ভবিষ্যতে এরা আরো উন্নত হবে।’

শরীয়তপুরের ব্লাইন্ড দাবাড়ু ২০১৬ সালে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করা মনির রানা জানালেন, ‘আশা করছি ভালো কিছুই হবে। এর আগে কখনো দেশের বাইরে গিয়ে না খেললেও দেশের মাটিতে খেলার অনেক অভিজ্ঞতা আছে। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না আর ভাবার অবকাশও নেই। কারণ প্রতিপক্ষকে তো দেখার সুযোগ নেই। যতটুকু অনুমান করা যায়। তারাও না দেখে চাল দিবে, আমিও চাল দেবো। আশা করছি দেশের পতাকার মান রাখতে পারবো।’

আরেক প্রতিযোগি আবিদ হোসেন ঢাকা ভার্সিটি থেকে শিক্ষা ও গবেষনায় মাস্টার্স করেছেন। সমাজসেবা অধিদফরের অধীন জাতীয় বিশেষ শিক্ষা স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। তিনি স্বপ্ন দেখছেন আরো বড়। ‘যারা আমাদেরকে বিদেশে খেলতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। প্রতিবন্ধীদের বাঁধা না দিয়ে সুযোগ করে দেয়া উচিত। তারাও অবদান রাখতে পারে দেশে-বিদেশে। এ বিশ্বাসটুকু রাখতে হবে। আমরাও বোঝা না হয়ে, সফল হতে পারি, এটা প্রমাণ করার সুযোগ তো দিতে হবে।’

spot_imgspot_img
spot_img

Related Articles