স্যান্ডপেপার কাণ্ডে দায় অস্বীকার সাবেক কোচ লেহম্যানের!

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনায় স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কিছুই জানতেন না বলে আবারও দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ ড্যারেন লেহম্যান। যদিও ক্যামেরন ব্যানক্রফটের প্রায় ৪ হাজার শব্দের প্রতিবেদনে তাঁর নাম উঠে এসেছে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ স্বীকার করেছেন, বর্তমান পরিস্থিতি ক্রিকেটের জন্য ‘খুবই ক্ষতিকর’ এদিকে লেহম্যান স্যান্ডপেপার বিষয়ের দায় অস্বীকার করেছেন বলা যায়।

স্বাধীন তদন্ত থেকে উত্তর পাওয়ার আশা টড গ্রিনবার্গের, তবে চূড়ান্ত সত্য উদ্‌ঘাটন নিয়ে আশাবাদী নন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী। বৃহস্পতিবার প্রকাশিত ব্যানক্রফটের প্রতিবেদনে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। এর মধ্যে রয়েছে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির সময়কার ঘটনা। একাধিক ব্যক্তির বক্তব্যে এখন জানা যাচ্ছে, কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া ধরা পড়ার আগেও বলের এক পাশ খসখসে করতে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।

ব্যানক্রফট

ব্যানক্রফট তাঁর প্রতিবেদনে লিখেছেন, ‘চা-বিরতির সময়ের কথোপকথনে বোলিং কোচ ডেভিড সাকারকে জড়িত থাকতে দেখেছিলাম। কোচ ড্যারেন লেহম্যানও সেখানে উপস্থিত ছিলেন। অন্য খেলোয়াড়েরাও আসা-যাওয়া করছিলেন। আমরা তখন চাপে ছিলাম। সেই পরিস্থিতিতেই ডেভিড ওয়ার্নার বলের এক পাশ খসখসে করতে স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন।’

দুই সপ্তাহ আগে উসমান খাজার আত্মজীবনী থেকে এ বিতর্কের বিষয়টি নতুন করে সামনে আসার পর লেহম্যান স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে নিজের অজ্ঞতার কথা জানিয়েছিলেন। শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টির সময় এবিসি রেডিওতেও একই দাবি করেন তিনি। লেহম্যান বলেন, ‘না, আমি জানতাম না। অবশ্যই স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।’

চা-বিরতির সেই কথোপকথনে তিনি উপস্থিত ছিলেন কি না, জানতে চাইলে লেহম্যান বলেন, ‘সেখানে উপস্থিত ছিলাম কি না, তা আমার মনে নেই। তবে ঘটনাটি সাড়ে আট বছর আগের। এ বিষয়ে আপনাদের সংশ্লিষ্ট ব্যক্তিদেরই জিজ্ঞাসা করতে হবে। কারণ, আমার নিজের একটি বক্তব্য আছে এবং আমি সেটিতেই অটল থাকব।’ ব্যানক্রফটের প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। মাঠে বড় পর্দায় স্যান্ডপেপার দেখানোর পর পিটার হ্যান্ডসকম্ব মাঠে প্রবেশ করলে ওয়াকিটকির মাধ্যমে লেহম্যান বিষয়টি উল্লেখ করেছিলেন বলে দাবি করেছেন তিনি।

হ্যাজেলউড সতীর্থদের সাথে উদযাপনে

এ প্রসঙ্গে লেহম্যান বলেন, ‘সেটা তো ঘটনার পরের বিষয়। ততক্ষণে টেলিভিশনে সব দেখানো হয়ে গেছে। এটা ক্যামেরনের বক্তব্য। আবারও বলছি, আমি ক্যামেরনকে নিয়ে কথা বলতে চাই না। এ বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি আলাদা।’ ২০১৮ সালের ঘটনায় আনুষ্ঠানিক তদন্তে লেহম্যানকে দায়মুক্তি দেওয়া হয়েছিল। তবে কয়েক দিন পরই তিনি পদত্যাগ করেন। শনিবার তিনি নিশ্চিত করেছেন, তাঁকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল।

নিজের দায়িত্বকালীন সময়ে ঘটে যাওয়া ঘটনার জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই কোচ। একই সঙ্গে দলের সংস্কৃতি ও পরিবেশের সমস্যাগুলো মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল বলেও স্বীকার করেছেন তিনি। লেহম্যান বলেন, ‘মানুষ বলেছে, আমি কিছু হারাইনি। কিন্তু আমি আসলে বিশ্বের সেরা চাকরিটাই হারিয়েছি। যা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। সাধারণ মানুষের কাছে এটাই আমার বলার আছে। সবাই কষ্ট পাচ্ছে। এখন আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে।’

তিনি আরও বলেন, ‘সবার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, সেটি স্বাভাবিক। পর্দার আড়ালে অনেক কিছু ঘটে, যা আপনি জানেন না বা দেখতে পান না। একজন কোচ হিসেবে আপনি সবকিছু দেখতে পারেন না, সবকিছু জানতেও পারেন না। তবে সম্ভবত আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। বিষয়টি এত দূর গড়ানোর দায় আমার।’

কামিন্সের নেতৃত্বে আস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার:

শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড সর্বসম্মতিক্রমে প্যাট কামিন্সকে অধিনায়ক হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্যানক্রফটের বিস্তারিত বক্তব্য প্রকাশের পর ২০১৮ সালের ঘটনা নিয়ে নতুন করে চাপের মুখে পড়েছিলেন কামিন্স। তবে গ্রিনবার্গ এই সিদ্ধান্তকে ‘তুলনামূলক সহজ’ বলে উল্লেখ করেছেন।

এসইএন ক্রিকেটকে গ্রিনবার্গ বলেন, ‘পাঁচ বছর ধরে সে অসাধারণ অধিনায়কত্ব করেছে। তাকে পরিবর্তন করার কোনো কারণ আমরা দেখছি না। বরং প্যাট, তার নেতৃত্ব এবং সততার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসের বিষয়টি নিশ্চিত করতে চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি এবং প্যাট সব সময় একটি বিষয় বলে আসছি-২০১৮ সালে টেস্ট ম্যাচ শেষে মাঠ থেকে ফেরার পর সে যা বলেছিল, আজও একই কথা বলছে। শুরু থেকে শেষ পর্যন্ত তার বক্তব্যে কোনো পরিবর্তন আসেনি। তার সততা ও নেতৃত্ব নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা চাই, সে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়ে যাক।’

আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কামিন্স দলের খেলোয়াড়দের ঐক্যবদ্ধ করতে পারবেন বলে আশা করছেন গ্রিনবার্গ। তবে কাজটি সহজ হবে না বলেও স্বীকার করেছেন তিনি। গ্রিনবার্গ বলেন, ‘এ কাজে তার কিছুটা সহযোগিতা প্রয়োজন হবে। দলের অন্য নেতাদেরও এগিয়ে আসতে হবে। আমাদের পরিস্থিতির উত্তাপ কমাতে হবে। বিষয়টি খুব দ্রুত জটিল ও আবেগপ্রবণ হয়ে উঠেছে। স্পষ্টতই অনেকের জন্য এটি আবেগের বিষয়।’

২০১৮ সালের তদন্তে ঘাটতি ছিল, স্বীকার গ্রিনবার্গে:

গ্রিনবার্গ স্বীকার করেছেন, ২০১৮ সালে জোহানেসবার্গ টেস্টের আগে তড়িঘড়ি করে শেষ করা তদন্তে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, ‘এটি আমাদের খেলার জন্য অত্যন্ত ক্ষতিকর। ২০১৮ সালেও এটি ক্রিকেটের জন্য বড় ক্ষতি ছিল। এ ঘটনা আমাদের শিক্ষা দেয়, এমন পরিস্থিতিতে তদন্ত করতে হলে সেটি নিরাপদ ও সঠিকভাবে করতে হবে। তখন বিষয়টি ঠিকভাবে সামাল দেওয়ার জন্য খুব অল্প সময় পাওয়া গিয়েছিল। স্পষ্টতই তদন্তে কিছু ঘাটতি ছিল।’

ব্যানক্রফটের প্রতিবেদন প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া একটি স্বাধীন তদন্ত ফোরাম গঠনের ঘোষণা দিয়েছিল। বর্তমানে সেই ফোরাম গঠনের কাজ চলছে। গ্রিনবার্গ জানিয়েছেন, আগামী সপ্তাহে ফোরামটির নেতৃত্ব দেওয়ার জন্য একজন ব্যক্তির নাম ঘোষণা করা হবে। তিনি ক্রিকেটের বাইরের কেউ হবেন। একই সঙ্গে তদন্তের কার্যপরিধিও প্রকাশ করা হবে। তবে এই তদন্ত থেকে সব প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়া যাবে-এমন নিশ্চয়তা দিতে চান না তিনি। তদন্ত শেষে কোন তথ্য গোপন রাখা হবে এবং কতটুকু জনসমক্ষে প্রকাশ করা হবে, সে বিষয়েও কাজ চলছে।

কামিন্স, ব্যানক্রফট ও লেহম্যান ইতিমধ্যে তদন্তে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ২০১৮ সালের ঘটনায় সংশ্লিষ্ট কাউকেই এতে অংশ নিতে বাধ্য করা হবে না। গ্রিনবার্গ বলেন, ‘আমরা যতটা সম্ভব স্বচ্ছতা বজায় রাখব এবং জনগণের সঙ্গে যত বেশি তথ্য ভাগ করে নেওয়া যায়, তার চেষ্টা করব। তবে যারা তদন্তে অংশ নেবেন, তাঁদের পরিচয় ও গোপনীয়তা রক্ষার বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। তাই দুই দিকের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘২০১৮ সালে একটি তদন্ত হয়েছিল, সেটিকে আমাদের সম্মান করতে হবে। এখন আমরা জানতে পারছি, সেই সময়ে কিছু মানুষ সত্য বলেননি। কিন্তু ২০২৬ সালে এসে তাঁরা যে সত্য বলবেন, তার নিশ্চয়তা কী? এর উত্তর আমার কাছে নেই।’

গ্রিনবার্গের মতে, ঠিক কী ঘটেছিল, তা জানা ভালো হতো। কিন্তু শেষ পর্যন্ত পুরো সত্য জানা সম্ভব হবে কি না, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। ‘আমরা দেখেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। এমনকি কথিত দলের বৈঠকটি কখন হয়েছিল, সেই সাধারণ বিষয়টি নিয়েও মতবিরোধ রয়েছে।’

ক্রিকেটের প্রতি সমর্থকদের আস্থা ফেরাতে চায় সিএ:

সবশেষে গ্রিনবার্গ স্বীকার করেছেন, ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে হলে অন্তত এমন একটি ফলাফল প্রয়োজন, যা সমর্থকদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারে। তিনি বলেন, ‘আমি চাই, এই প্রক্রিয়ার শেষ পর্যন্ত পৌঁছে সমর্থকদের এমন কিছু দিতে, যাতে তাঁরা নিজেদের প্রিয় খেলার প্রতি আবারও আস্থা রাখতে পারেন। আমাদের কিছুটা বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন করতে হবে। ২০১৮ সালেও আমাদের সেটি করতে হয়েছিল। আমি আবার এমন পরিস্থিতিতে পড়তে চাইনি, কিন্তু এখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবকিছু করতে হবে, যাতে আমরা মানুষের কথা শুনতে পারি, ভুল থেকে শিক্ষা নিতে পারি এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’ তবে তদন্তের ফলাফল নিয়ে অতিরিক্ত প্রতিশ্রুতি দিতে চান না ক্রিকেট অস্ট্রেলিয়ার এই প্রধান নির্বাহী।

গ্রিনবার্গের ভাষায়, ‘আমি জনগণকে এমন প্রতিশ্রুতি দিতে চাই না যে, তদন্ত শেষে আমরা এমন একটি চমৎকার ফলাফল পাব, যেখানে সবাই বলবে-হ্যাঁ, এবার জানা গেল।

spot_imgspot_img
spot_img

Related Articles